ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১, গুরুতর আহত ১১

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ , ২৪ জুন ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রাগামারা রাঙামাটিয়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে, বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়ে যান।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা, ফায়ার সার্ভিস কর্মী ও ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান এবং উদ্ধার কাজ চালান। ঘটনাস্থলেই একজন পুরুষ যাত্রী মারা যান। তবে তার নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, দুর্ঘটনায় আহত ১২ জনের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ত্রিশাল থানার ওসি (তদন্ত) মোবারক হোসেন জানান, “দুর্ঘটনায় আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।”

এ দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। অনেকেই অভিযোগ করছেন, মহাসড়কে উল্টোপথে যান চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বারবার এমন প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা নিয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।