টিউফা আইডিয়াল স্কুলে ৪০ শিক্ষার্থীকে হাইজিন কিট বিতরণ

প্রকাশিত: ৬:৫০ পূর্বাহ্ণ , ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 11 minutes আগে
ছবি- কালের বিবর্তন।

খাগড়াছড়ি সদর উপজেলার টিউফা আইডিয়াল স্কুলে ৪০ শিক্ষার্থীর মধ্যে হাইজিন কিট বিতরণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি, নিরাপদ পানি ব্যবহার ও মাসিককালীন স্বাস্থ্যব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তৃণমূল উন্নয়ন সংস্থা (টিইউএস) আয়োজিত এ কার্যক্রম পরিদর্শন করেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারিয়া সুলতানা।

অনুষ্ঠানে ৩০ ছাত্রী ও ১০ ছাত্রের হাতে হাইজিন কিট তুলে দেওয়া হয়। এ সময় ইউএনও ফারিয়া সুলতানা বলেন, মাসিক নারীদের জীবনের একটি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। এ বিষয়ে লজ্জা বা সংকোচ না করে কিশোরীদের সঠিক স্বাস্থ্যজ্ঞান অর্জন ও স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা ও সচেতনতা কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং প্রয়োজনীয় উপকরণ বিতরণের উদ্যোগকে তিনি স্বাগত জানান।

সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন (এসডিসি) এবং হেকস/ইপার (HEKS/EPER)-এর সহায়তায় বাস্তবায়নাধীন বন্যা জরুরি সাড়াদান প্রকল্প (ফ্লাড ইমার্জেন্সি রেসপন্স ইন বাংলাদেশ—এফইআরবি)-এর আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে টিউফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক ঘনশ্যাম দেওয়ান, টিইউএসের নির্বাহী পরিচালক রিপন চাকমা, হেকস/ইপারের প্রতিনিধি ত্রিবেণী চাকমা, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

টিইউএসের এফইআরবি প্রকল্প ব্যবস্থাপক বিপ্লব চাকমা জানান, গত ২৮ অক্টোবর থেকে স্বাস্থ্যবিধিবিষয়ক প্রচারাভিযান শুরু হয়েছে। ১০ নভেম্বর থেকে শুরু হয়েছে হাইজিন কিট বিতরণ কার্যক্রম। ২০২৬ সালে মোট ৫০০টি কিট বিতরণের লক্ষ্যমাত্রার বিপরীতে এ পর্যন্ত মহালছড়ি, খাগড়াছড়ি সদর ও দীঘিনালা উপজেলার নয়টি বিদ্যালয়ে ৪৩০টি কিট বিতরণ করা হয়েছে।

টিইউএসের নির্বাহী পরিচালক রিপন চাকমা বলেন, শিশুদের সুস্থ রাখতে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা জরুরি। বিশেষ করে বন্যা-পরবর্তী সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলা শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সহায়ক হতে পারে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের ৪ থেকে ১২ জুলাই টানা বর্ষণে দেশের পূর্ব ও দক্ষিণাঞ্চলের ১০টি জেলায় বন্যা দেখা দেয়। এতে খাগড়াছড়ির নয়টি উপজেলাসহ বিভিন্ন এলাকার ঘরবাড়ি, সড়ক, সেতু, শিক্ষাপ্রতিষ্ঠান, পানির উৎস ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়। নিরাপদ পানির উৎস ও স্যানিটেশন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় বন্যাকবলিত এলাকায় পানিবাহিত রোগের ঝুঁকিও বাড়ে।

এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকি কমানো, নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা পুনরুদ্ধার এবং জীবিকা পুনর্গঠনের লক্ষ্যে এফইআরবি প্রকল্প গ্রহণ করা হয়েছে। ১২ মাস মেয়াদি প্রকল্পটি ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের আগস্ট পর্যন্ত খাগড়াছড়ির দীঘিনালা, মহালছড়ি ও সদর উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। হেকস/ইপারের তত্ত্বাবধান ও কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে টিইউএস।

প্রকল্পের আওতায় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ), আশ্রয় এবং জীবিকা পুনরুদ্ধারে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে পরিবার, বিদ্যালয় ও কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যবিধিবিষয়ক সচেতনতা, হাইজিন কিট বিতরণ, হাত ধোয়ার অভ্যাস, নিরাপদ পানির ব্যবহার, রোগ প্রতিরোধ এবং মাসিককালীন স্বাস্থ্যব্যবস্থাপনা বিষয়ে শিক্ষা।

প্রকল্পে আদিবাসী জনগোষ্ঠী, নারীপ্রধান পরিবার, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি, শিশু, অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী নারী এবং কিশোরীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিদ্যালয়ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলার পাশাপাশি পরিবার ও সমাজে স্বাস্থ্যবিধিবিষয়ক সচেতনতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর