নড়াইলে নিহত বিএনপির দুই নেতার পরিবারে চলছে শোকের মাতম

প্রকাশিত: 2:19 pm , 19 November 2026, Thursday , পোষ্ট করা হয়েছে 12 hours আগে
ছবি- হাফিজুল নিলু।

নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ঠেকানোর কর্মসূচির অংশ হিসাবে কালিয়া উপজেলার কালিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের মোটরসাইকেল শোডাউন চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় দুইজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েছেন। বিএনপি’র নেতাকর্মী ও আত্মীয় স্বজনেরা সান্ত্বনা দিচ্ছেন।

গতকাল বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এ হামলায় নিহতরা হলেন, কালিয়া পৌর কৃষকদলের সদস্য সচিব শেখ শাহিনুর (৪০)।

শেখ শাহিনুর কালিয়া পৌরসভার মির্জাপুর এলাকার নিছার উদ্দিন শেখ এর ছেলে এবং ছোট কালিয়া এলাকার মোতালেব মোল্লার ছেলে উপজেলা জাসাস এর সাধারন সম্পাদক সোহেল মোল্যা (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ঠেকানোর দাবিতে কালিয়া উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন।

এ সময় তাদের বহর বেন্দারচর এলাকার বটতলা মোড়ে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে শাহিনুর শেখ ও সোহেল মোল্যা গুরুতর আহত হন।পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

জানা গেছে, নিহত সোহেল মোল্যা ও শেখ শাহিনুরের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাড়িতে আনা হয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, এই ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

মন্তব্য লিখুন

আরও খবর