কালাইয়ে নাশকতা ও বিস্ফোরক মামলায় আ.লীগের সদস্য নাহিদ গ্রেফতার

প্রকাশিত: 2:12 pm , 22 November 2026, Sunday , পোষ্ট করা হয়েছে 1 day আগে
ছবি- লিটন তালুকদার।

লিটন তালুকদার কালাই (জয়পুরহাট): জয়পুরহাটের কালাইয়ে বিস্ফোরক দ্রব্য ও নাশকতার অভিযোগে দায়ের করা ২০২৪ সালের একটি মামলায় নাহিদ চৌধুরী (৪২) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি কালাই পৌর আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।গতকাল শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কালাই পৌরসভার পাঁচশিরা বাজারের একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে পুলিশি পাহারায় তাকে জয়পুরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।

গ্রেফতার নাহিদ চৌধুরী কালাই পৌরসভার পাঁচশিরা বাজার এলাকার মৃত আব্দুল লতিফ চৌধুরীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালে কালাই থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য ও নাশকতা সংক্রান্ত একটি মামলার তদন্তে নাহিদ চৌধুরীর নাম উঠে আসে। ওই মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলাটি কালাই থানার মামলা নম্বর ৭(৯)/২০২৪, জিআর নম্বর ১৩৭/২০২৪।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরক দ্রব্য ও নাশকতার মামলায় নাহিদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর