
শাহরিয়ার মিল্টন, শেরপুর:শেরপুরের সীমান্তবর্তী পাহাড়ি জনপদের প্রত্যন্ত গ্রামগুলোতে এখনও স্বাস্থ্যসম্মত স্যানিটেশনব্যবস্থা নিশ্চিত হয়নি। কোনো কোনো পরিবার অস্থায়ী শৌচাগার তৈরি করলেও সেগুলোর বেশির ভাগই অস্বাস্থ্যকর। ফলে বাধ্য হয়ে অনেককে খোলা জায়গায় প্রাকৃতিক কাজ সারতে হচ্ছে। এতে বাড়ছে পরিবেশদূষণ, দূষিত হচ্ছে পানির উৎস, তৈরি হচ্ছে নানা রোগের ঝুঁকি।
দূষিত পানি ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ডায়রিয়া, আমাশয়সহ নানা ধরনের পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বাড়ার ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়ে। কারণ এসব রোগে আক্রান্ত হলে তাদের শারীরিক জটিলতা ও মৃত্যুঝুঁকিও বাড়তে পারে।
জানা গেছে, শেরপুরে সাতটি পাহাড়ি ইউনিয়ন রয়েছে। সেগুলো হলো শ্রীবরদী উপজেলার রানীশিমুল ও সিংগবরুণা, ঝিনাইগাতী উপজেলার কাংশা ও নলকুড়া এবং নালিতাবাড়ী উপজেলার নয়াবিল, পোড়াগাঁও ও রামচন্দ্রকুড়া ইউনিয়ন।
জনশুমারি ও গৃহগণনা-২০২২-এর তথ্য অনুযায়ী, এই সাতটি ইউনিয়নে মোট ৪৪ হাজার ৪৭৫টি পরিবার রয়েছে।
এর মধ্যে স্বাস্থ্যসম্মত শৌচাগার রয়েছে ১২ হাজার ৭৬৩টি পরিবারের। অন্যান্য শৌচাগার ব্যবহারকারী ২৭ হাজার ৮৮টি, কাঁচা শৌচাগার ব্যবহারকারী ৩ হাজার ৬৩৩টি এবং শৌচাগারবিহীন পরিবার ৯৯১টি। এখানে ‘অন্যান্য শৌচাগার’ বলতে স্ল্যাবযুক্ত অথবা স্ল্যাববিহীন পিট টয়লেটকে বোঝানো হয়েছে।
তথ্য অনুযায়ী, শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের ২৭টি গ্রামে মোট পরিবারের সংখ্যা ৮ হাজার ৫৫০। এর মধ্যে স্বাস্থ্যসম্মত শৌচাগার রয়েছে ২ হাজার ৯৮৮টি পরিবারের। অন্যান্য শৌচাগার ব্যবহার করে ৪ হাজার ৯৫১টি পরিবার, কাঁচা শৌচাগার ব্যবহার করে ৩৬৫টি পরিবার এবং ২৪৬টি পরিবারে কোনো শৌচাগার নেই।
সিংগাবরুনা ইউনিয়নের ২১টি গ্রামে মোট পরিবার ৫ হাজার ৮৫৮টি। এর মধ্যে স্বাস্থ্যসম্মত শৌচাগার রয়েছে ৮২৩টি পরিবারের। অন্যান্য শৌচাগার ব্যবহার করে ৪ হাজার ২৭১টি পরিবার, কাঁচা শৌচাগার ব্যবহার করে ৬৩৯টি পরিবার এবং শৌচাগারবিহীন পরিবার রয়েছে ১২৫টি।
ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের ১৫টি গ্রামে মোট ৭ হাজার ৫৫৬টি পরিবারের মধ্যে স্বাস্থ্যসম্মত শৌচাগার রয়েছে ২ হাজার ৭৪৬টি পরিবারের। অন্যান্য শৌচাগার ব্যবহার করে ৪ হাজার ২৮৯টি পরিবার, কাঁচা শৌচাগার ব্যবহার করে ৩৫৯টি পরিবার এবং ১৬২টি পরিবার শৌচাগার সুবিধাবঞ্চিত।
নলকুড়া ইউনিয়নের ২১টি গ্রামে মোট পরিবার ৭ হাজার ৬০২টি। এর মধ্যে স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করে ১ হাজার ৪৩৩টি পরিবার। অন্যান্য শৌচাগার ব্যবহারকারী পরিবারের সংখ্যা ৫ হাজার ৪৫টি, কাঁচা শৌচাগার ব্যবহারকারী ৯৫৮টি এবং শৌচাগারবিহীন পরিবার ১৬৬টি।
নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের ১৩টি গ্রামে মোট ৪ হাজার ৭২৭টি পরিবারের মধ্যে স্বাস্থ্যসম্মত শৌচাগার রয়েছে ৮৭০টি পরিবারে। অন্যান্য শৌচাগার ব্যবহার করে ৩ হাজার ৩৮০টি পরিবার, কাঁচা শৌচাগার ব্যবহার করে ৩৮৬টি পরিবার এবং ৯১টি পরিবারে কোনো শৌচাগার নেই।
নয়াবিল ইউনিয়নের ১৮টি গ্রামে মোট ৫ হাজার ১৬০টি পরিবারের মধ্যে স্বাস্থ্যসম্মত শৌচাগার রয়েছে ১ হাজার ৭৪৯টি পরিবারে। অন্যান্য শৌচাগার ব্যবহার করে ২ হাজার ৬৮২টি পরিবার, কাঁচা শৌচাগার ব্যবহার করে ৫৯৮টি পরিবার এবং শৌচাগারবিহীন পরিবার রয়েছে ১৩১টি।
রামচন্দ্রকুড়া ইউনিয়নের ১৩টি গ্রামে মোট ৫ হাজার ২২টি পরিবারের মধ্যে স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার করে ২ হাজার ১৫৪টি পরিবার। অন্যান্য শৌচাগার ব্যবহারকারী পরিবারের সংখ্যা ২ হাজার ৪৭০টি, কাঁচা শৌচাগার ব্যবহারকারী ৩২৮টি এবং শৌচাগারবিহীন পরিবার ৭০টি।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রত্যন্ত পাহাড়ি এলাকায় যোগাযোগব্যবস্থা ও আর্থিক অসচ্ছলতার কারণে অনেক পরিবারের পক্ষে নিজ উদ্যোগে স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ করা সম্ভব হচ্ছে না। কোথাও অস্থায়ী শৌচাগার থাকলেও সেগুলোতে নেই যথাযথ ব্যবস্থা।
বিশেষ করে নারী ও শিশুদের এ কারণে বেশি ভোগান্তিতে পড়তে হয়। দিনের বেলায় খোলা জায়গায় যেতে সংকোচ, আবার রাতে জঙ্গলে যেতে ভয়। সব মিলিয়ে প্রতিদিনই নানা বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে তাদের।
ঝিনাইগাতী উপজেলার ছোট রাংটিয়া এলাকার বাসিন্দা কানাই কোচ বলেন, আমাদের বাড়িত মেয়েদের জন্য পর্দা দিয়ে একটা শৌচাগার বানিয়ে দিয়েছি। পোলাপানগুলো বাড়ির সামনে বা আশপাশে মলত্যাগ করে।
আমড়া তো জঙ্গলে গিয়ে মলত্যাগ করে আসি। আমার তো আর সামর্থ্য নাই যে, সুন্দর করে একটি শৌচাগার দিব। একই এলাকার বাসিন্দা তরিফ মিয়া বলেন, আমড়া মলত্যাগ করতে সব সময় পাহাড়-জঙ্গলে যাই। কিন্তু রাত হলে জঙ্গলে যেতে ভয় হয় এখন। মাঝেমধ্যে জঙ্গলে হাতি আসে, সে জন্য ভয়টা লাগে।
শ্রীবরদী উপজেলার খাড়ামোড়া এলাকার বাসিন্দা রমজান আলী বলেন, এই পাহাড়ি এলাকায় অনেক পরিবার শৌচাগার নিয়ে সমস্যা রয়েছে। বর্ষাকালে খুব সমস্যা হয়। পাহাড়ি রাস্তা দিয়া চলাচল করাও কষ্ট, তার ওপর প্রাকৃতিক কাজ সারতে দূরে যেতে হয়। সরকার যদি সহযোগিতা করতো তাাহলে আমড়া ভালোভাবে থাকতে পারতাম।
বেসরকারি সংস্থা আইইডির ‘আদিবাসী সক্ষমতা উন্নয়ন প্রকল্পের’ ফেলো সুমন্ত বর্মণ জানান, ‘শেরপুরের সীমান্তবর্তী এই তিন উপজেলায় ১৬টি ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের বসবাস। এর মধ্যে গারো ৩৪ হাজার, বর্মণ ১৭ হাজার, হদি ৪ হাজার ৫০০, কোচ ৪ হাজার, হাজং ১ হাজার ২০০, ডালু ১ হাজার ২০০, বানাই ১ হাজার, বেদিয়া, চাক, চাকমা, খাসিয়া, মাহালি ও মারমা সম্প্রদায়ের সদস্য ১ জন করে, মালো ৩ জন, সাঁওতাল ৪ জন, করা সম্প্রদায়ের ১৪ জন।
তাদের অনেকেরই স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই। আমড়া বিভিন্ন এনজিওর মাধ্যমে কয়েকটি শৌচাগার বানিয়ে দিলেও সেগুলো অপ্রতুল। পাহাড়ি এলাকার প্রত্যন্ত গ্রামগুলোতে সরকারি-বেসরকারিভাবে স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ জরুরি। কারণ খোলা জায়গায় মলত্যাগ করলে পরিবেশদূষণ ছাড়াও চরম স্বাস্থ্যঝুঁকি রয়েছে। ’
জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জামাল হোসেন বলেন, ‘ সরকারি বরাদ্দ অনুযায়ী পাহাড়ি উপজেলার বিভিন্ন গ্রামে ইতোমধ্যে শৌচাগার নির্মাণ করা হয়েছে। তবে বরাদ্দের পরিমাণ সীমিত হওয়ায় প্রতিটি পরিবারের জন্য শৌচাগার নির্মাণ করা কঠিন হয়ে পড়ছে।
এ সমস্যা সমাধানে অতিরিক্ত বরাদ্দ চেয়ে সরকারের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে যাচাই-বাছাই করে অগ্রাধিকার ভিত্তিতে শৌচাগার নির্মাণ করা হবে।’
জেলাপ্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
পাহাড়ি এলাকাগুলোয় নিরাপদ স্যানিটেশনব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন এনজিও প্রতিনিধিদেরও এগিয়ে আসতে হবে। প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শৌচাগার নির্মাণের উদ্যোগ নিতে হবে। আমড়া চাঁই, প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলসহ প্রতিটি পরিবারের জন্য নিরাপদ স্যানিটেশনব্যবস্থা নিশ্চিত হোক।’
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’ এর চূড়ান্ত জাতীয় প্রতিবেদন প্রকাশ...
শেরপুরে ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’ এর চূড়ান্ত জাতীয়...
এনপিটি থেকে বেরিয়ে যাওয়া নিয়ে তেহরানের নতুন বার্তা
এনপিটি থেকে বেরিয়ে যাওয়া নিয়ে তেহরানের...
লতিফ সিদ্দিকীর শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী
লতিফ সিদ্দিকীর শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী
রাজাপুর পাক হানাদারমুক্ত দিবস আজ
রাজাপুর পাক হানাদারমুক্ত দিবস আজ
পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু
পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা...
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধি দল
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধি দল