কমলগঞ্জে খাসিয়া বর্ষ বিদায় উৎসব ‘সেং কুটস্নেম’ উদযাপিত

প্রকাশিত: 6:13 pm , 23 November 2026, Monday , পোষ্ট করা হয়েছে 5 hours আগে
ছবি- আব্দুর রাজ্জাক রাজা।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ: মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া পুঞ্জি মাঠে সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকেই যেন অন্যরকম এক প্রাণের স্পন্দন। বাঁশের খুঁটি আর সুপারি গাছের পাতার ছাউনিতে তৈরি মঞ্চ, চারপাশে রঙিন পোশাকের সমাহার, আর বাতাসে ভাসছে লোকজ সুর ও আনন্দের কোলাহল।

খাসিয়া বর্ষপঞ্জি অনুযায়ী ১২৭তম বর্ষকে বিদায় জানিয়ে ১২৮তম বর্ষকে বরণ করে নিতে এদিন মিলিত হয়েছিলেন খাসিয়া জনগোষ্ঠীর মানুষ। ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব ‘খাসি সেং কুটস্নেম’ ঘিরে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যনস্ত উৎসবমুখর ছিল পুরো এলাকা।

উৎসবের দিন সোমবার সকালে নারী, পুরুষ, যুবক-যুবতী ও শিশুরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাকে সেজে মাগুরছড়া পুঞ্জি মাঠে উপস্থিত হন। দেশব্যাপী ছড়িয়ে থাকা খাসিয়া সম্প্রদায়ের মানুষ এদিন একত্রিত হন প্রাণের টানে।

পুরো মাঠজুড়ে বসে ছিল ঐতিহ্যবাহী মেলা ও নানা পণ্যের স্টল, যা উৎসবের রঙকে আরও বাড়িয়ে তোলেছিল। খাসিয়া সম্প্রদায়ের পাশাপাশি স্থানীয় বাঙালি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দেশি-বিদেশি পর্যটকদের উপস্থিতিতে তৈরি হয়ে এক অনন্য সম্প্রীতির আবহ।

দিনব্যাপী পর্বে ছিল খাসিয়া পোশাকে সজ্জিত নারী শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর লোকনৃত্য ও নিজস্ব ভাষায় গান। তৈলাক্ত বাঁশে বেয়ে উঠে মুঠোফোন পুরস্কার জেতার রোমাঞ্চকর প্রতিযোগিতা।

ঐতিহ্যবাহী তীর-ধনুক খেলা ও গুলতি চালানোর প্রতিযোগিতা। খাসিয়া সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ঐতিহ্যবাহী পান গুছানো পর্ব।
খাসি সোশ্যাল কাউন্সিলের আয়োজনে এবং মারিয়াং ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম সার্ভিসেস ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় আয়োজিত এই বর্ষবিদায় উৎসবে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের কো-চেয়ারম্যান ও মাগুরছড়া খাসিয়া পুঞ্জি প্রধান জিডিসন সুচিয়াঙের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্ধীপ তালুকদার, কমলগঞ্জ থানার পরিদর্শক শফিকুল ইসলাম, জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক অলি আহমদ খান এবং যুগ্ম আহ্বায়ক আবুল হোসেনসহ অনেকে।

মন্তব্য লিখুন

আরও খবর