কমলগঞ্জে মণিপুরিদের ‘নিংঙোল চাকৌবা’ উদযাপিত

প্রকাশিত: 6:10 pm , 23 November 2026, Monday , পোষ্ট করা হয়েছে 5 hours আগে
ছবি- আব্দুর রাজ্জাক রাজা।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ:বিবাহিত কন্যাদের সাথে পিতৃগৃহের ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে দ্বিতীয়বারের মতো উদযাপিত হলো মণিপুরি সম্প্রদায়ের অন্যতম প্রধান সামাজিক ও পারিবারিক উৎসব ‘নিংঙোল চাকৌবা’।

মণিপুরি চান্দ্র পঞ্জিকা অনুযায়ী শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রতি বছর এই উৎসব পালন করা হয়। দিনটি উপলক্ষে উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁও গ্রামে মণিপুরী কালচারাল কমপ্লেক্সে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করে মণিপুরি কালচারেল কমপ্লেক্সে, পেট্রিওটিক রাইটার্স ফোরাম, মণিপুর এবং মণিপুরী ইয়ুথস ফোরাম বাংলাদেশ।

উৎসবে যোগ দিতে সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকেই বিবাহিত মণিপুরি নারীরা (নিংঙোল) ঐতিহ্যবাহী পোশাক ফানেক ও ইন্নাফি পরে এবং হাতে ফলমূল ও মিষ্টান্ন নিয়ে উৎসবস্থলে সমবেত হতে থাকেন।

অনুষ্ঠানের শুরুতে আয়োজকরা নিংঙোলদের সাদরে বরণ করে নেন এবং ঐতিহ্যবাহী মণিপুরি খাবারের এক বিশাল ভোজের আয়োজন করেন। ভোজের মেন্যুতে মাছের হরেক রকম পদের পাশাপাশি স্থান পায় ঐতিহ্যবাহী ইরোম্বা, সিঞ্জু, উতি ও চামফুত এর মতো ঐতিহ্যবাহী পদ।

খাওয়া-দাওয়া শেষে আয়োজকেরা তাঁদের হাতে নতুন পোশাক ও উপহারসামগ্রী তুলে দেন। বিনিময়ে নিংঙোলরা তাঁদের ভাই, পিতা মাতা ও আয়োজকদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে আশীর্বাদ করেন। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মণিপুরি ইয়ুথ ফোরামের কালচারাল সেক্রেটারি জয়া শর্মা।

নিংঙোল চাকৌবা উৎসব কমিটির আহ্বায়ক ইবুংহাল শ্যামলের সভাপতিত্বে ও সমাজকর্মী অশোক অঙোমচার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ।

বিশেষ অতিথি ছিলেন মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত সিংহ, প্যাট্রিয়টিক রাইটার্স ফোরাম, মণিপুর এর সম্পাদক রাকেশ নাওরেম, পিএডব্লিউএফ গুয়াহাটি শাখা, আসাম এর সম্পাদক রাজু মাইবাম প্রমুখ। বক্তব্য রাখেন শিক্ষক শান্ত কুমার সিংহ।

মন্তব্য লিখুন

আরও খবর