সাবেক এমপি মনজুর হোসেন মারা গেছেন

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ , ৩০ মে ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

ফরিদপুর-১ আসনের (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) সাবেক সংসদ সদস্য ও রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মনজুর হোসেন বুলবুল (৬৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুর ২টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মনজুর হোসেন বিভিন্ন জটিল রোগ ভুগছিলেন।

মনজুর হোসেনের ভাতিজা শহিদুল ইসলাম কুরবান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মনজুর হোসেন। তিনি রূপালী ব্যাংকের দুইবারের চেয়ারম্যান ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ছিলেন।

তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্ধ ইউনিয়নের পানাইল গ্রামে ১৯৫৬ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন। পাঁচ ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

মনজুর হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।