নাশকতা-নৈরাজ্য প্রতিরোধে গভীর রাতেও মাঠে এমপি হিলালী

প্রকাশিত: 12:15 pm , 20 November 2026, Friday , পোষ্ট করা হয়েছে 15 hours আগে
ছবি- মজিবুর রহমান।

মজিবুর রহমান,নেত্রকোনা: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন ও নাশকতা-নৈরাজ্য প্রতিরোধে গভীর রাতেও মাঠপর্যায়ে দলীয় নেতাকর্মীদের তদারকি করেছেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার পর নিজ বাসভবন থেকে বের হয়ে তিনি নির্বাচনী এলাকার মাসকা, সাহিতপুর বাজার, সান্দিকোনা, গড়াডোবার শিমুলতলা বাজার, রেন্টিতলা বাজার, রামপুর বাজার ও বেখৈহাটি বাজারসহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ পয়েন্ট ও বাজার পরিদর্শন করেন।

এ সময় তিনি দায়িত্বে থাকা দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং এলাকার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
দলীয় সূত্রে জানা গেছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাতভর সতর্ক অবস্থানে ছিলেন।

নেতাকর্মীদের মনোবল চাঙা রাখা এবং মাঠপর্যায়ে তাঁদের কার্যক্রম সরেজমিনে তদারকি করতেই সংসদ সদস্য নিজে বিভিন্ন এলাকায় ছুটে যান।

পরিদর্শনকালে তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ ও সতর্ক অবস্থানে থাকার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশনা দেন।

গভীর রাতে সংসদ সদস্যকে কাছে পেয়ে উচ্ছ্বাসিত হয় দায়িত্বে থাকা নেতাকর্মীরা। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম খান জরিপ, জসিম উদ্দিন আহমেদ খোকনসহ আরও দলীয় নেতাকর্মীরা।

মন্তব্য লিখুন

আরও খবর