
খাগড়াছড়ির দীঘিনালায় ৬ হাজার ৯৮৩ শিশুর পুষ্টিগত অবস্থা পরীক্ষা করে ৪৭০ শিশুর মধ্যে অপুষ্টি শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৫০ শিশু তীব্র অপুষ্টি (এসএএম) এবং ৪২০ শিশু মাঝারি তীব্র অপুষ্টিতে (এমএএম) আক্রান্ত। দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের অপুষ্টি প্রতিরোধ, নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা সম্প্রসারণ এবং পরিবারের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বাস্তবায়িত সমন্বিত উন্নয়ন প্রকল্পের সমাপনী সভায় এসব তথ্য জানানো হয়।
গত বুধবার (১৮ নভেম্বর) দুপুরে দীঘিনালা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহযোগিতায় এবং জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে ‘Access to and Utilization of Lifesaving Services by Marginalized Communities in Chittagong Hill Tracts in Bangladesh’ শীর্ষক প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের আওতায় উপজেলার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের পুষ্টিগত অবস্থা পরীক্ষা করা হয়। শনাক্ত শিশুদের প্রয়োজন অনুযায়ী পুষ্টিবিষয়ক পরামর্শ ও সেবা দেওয়ার পাশাপাশি সরকারি স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। এ ছাড়া শিশুদের পুষ্টি বিষয়ে মা ও পরিবারের সদস্যদের সচেতন করতে নিয়মিত উঠান বৈঠক, পুষ্টিবিষয়ক পরামর্শ এবং রান্না প্রদর্শনীর আয়োজন করা হয়।
শিশু অপুষ্টির অন্যতম কারণ দারিদ্র্য ও খাদ্যনিরাপত্তাহীনতা মোকাবিলায় প্রকল্পের আওতায় ৬৫টি প্রান্তিক পরিবারকে আয়বর্ধনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আর্থিক ও জীবিকায়ন সহায়তা দেওয়া হয়। পাশাপাশি নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে নির্মাণ করা হয় ৬৫টি স্বাস্থ্যসম্মত পায়খানা এবং স্থাপন করা হয় সৌরশক্তিচালিত দুটি নিরাপদ পানি সরবরাহব্যবস্থা।
ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-এর কারিগরি সহযোগিতায় এসব পানি ও স্যানিটেশন কার্যক্রম বাস্তবায়িত হয়। স্থাপনাগুলোর দীর্ঘমেয়াদি ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে স্থানীয় পানি ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।
এ সময় দুটি পানি সরবরাহব্যবস্থার রক্ষণাবেক্ষণের জন্য সংশ্লিষ্ট প্রতিটি কমিটিকে ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এফআইভিডিবি ও জাবারাং কল্যাণ সমিতির পক্ষ থেকে এ অর্থ হস্তান্তর করা হয়।
সভায় আরও জানানো হয়, প্রকল্পের আওতায় খাগড়াছড়ি জেলার প্রকল্পভুক্ত উপজেলাগুলোতে মোট ৫১ হাজার ৩৭৩ শিশুর পুষ্টিগত অবস্থা পরীক্ষা করা হয়েছে।
এ ছাড়া স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বৃদ্ধি, সরকারি স্বাস্থ্যকেন্দ্রে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা ব্যবস্থাপনা জোরদার এবং দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পুষ্টিসেবা পৌঁছে দিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
সমাপনী সভায় বক্তারা বলেন, শিশু অপুষ্টি প্রতিরোধে চিকিৎসাসেবার পাশাপাশি পুষ্টিকর খাবারের প্রাপ্যতা, নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং পরিবারের আর্থিক সক্ষমতা নিশ্চিত করা প্রয়োজন।
প্রকল্পের মেয়াদ শেষ হলেও অর্জিত অগ্রগতি ধরে রাখতে শিশুদের নিয়মিত পুষ্টি পরীক্ষা, অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসা, জীবিকায়ন কার্যক্রম এবং পানি ও স্যানিটেশন অবকাঠামোর রক্ষণাবেক্ষণে স্থানীয় জনগোষ্ঠী ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সভায় উপজেলা প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, প্রকল্পের অংশীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার জন্য উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জাবারাং কল্যাণ সমিতি।
মন্তব্য লিখুন
আরও খবর
নড়াইলে সাবেক মেয়র ও জেলা আ’লীগের সাবেক সাধারণ...
নড়াইলে সাবেক মেয়র ও জেলা আ’লীগের...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে “এমপি ফখরুল ইসলামের”...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে “এমপি...
মানিকগঞ্জে বেতিলা ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন...
মানিকগঞ্জে বেতিলা ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত...
পূর্ণানগরে যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং...
পূর্ণানগরে যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী ফ্রি...
অর্থবছরের আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন –...
অর্থবছরের আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন...
পাইকগাছায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন
পাইকগাছায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি,...