মানিকগঞ্জে লেকের পানিতে মিলল যুবকের মরদেহ, উদ্ধার করল ফায়ার সার্ভিস

প্রকাশিত: 9:59 pm , 20 November 2026, Friday , পোষ্ট করা হয়েছে 5 hours আগে
ছবি- আজহার হোসেন।

আজহার হোসেন,মানিকগঞ্জ: মানিকগঞ্জ শহরের গঙ্গাধরপট্টি লেকের পানিতে ডুবে থাকা অবস্থায় জিহাদ (২১) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (২০ নভেম্বর) দুপুর ৩টার দিকে লেকের হাতিরঝিল নামক ব্রিজের নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জিহাদ মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে শহরের পশ্চিম দাশড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান থেকে প্রস্রাব করার কথা বলে বের হন জিহাদ।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মানিকগঞ্জ সদর হাসপাতালেও খোঁজ নেওয়া হয়। পরে থানায় যোগাযোগ করেন পরিবারের সদস্যরা।

জিহাদের বাবা আমজাদ হোসেন কান্নাজড়িত কণ্ঠে জানান, তাঁর ছেলের খিঁচুনি রোগের সমস্যা ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি তিনি। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

ঘটনাস্থল সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পরিবারের এক সদস্য লেকের পানিতে জিহাদের জুতা ভাসতে দেখতে পান। বিষয়টি স্থানীয়দের জানানো হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লেকের পানিতে তল্লাশি চালিয়ে ডুবন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করেন।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, নিহত জিহাদের বাবা আমজাদ হোসেন মানিকগঞ্জ কাপড়পট্টি এলাকার রংবেরঙ বস্ত্র বিতানের মালিক।

মন্তব্য লিখুন

আরও খবর