নেত্রকোণার কেন্দুয়ায়

নিজ বিদ্যালয়ে শ্রদ্ধায় ভালবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ , ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 27 minutes আগে
ছবি- মজিবুর রহমান।

মজিবুর রহমান: নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিনে তাঁর পৈতৃক ভিটায় নিজ হাতে প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে নানা আয়োজনে স্মরণ করা হয়েছে এই কিংবদন্তি সাহিত্যিককে।

শুক্রবার (১৩ নভেম্বর) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এসব কর্মসূচি পালিত হয়।

দিবসটি উপলক্ষে সকাল ৮টায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, হুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জন্মদিনের কেক কাটা, আলোচনা সভা, বিদ্যালয়ের অভ্যন্তরীণ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উপহারসামগ্রী বিতরণ করা হয়।

পরে বরেণ্য শিল্পী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ ড. রফিকুল ইসলাম হিলালী। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম খান, পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মুন মুন জাহান ও কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী।

এ ছাড়া উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী জাহানা আফরোজ, লোকশিল্পী কুদ্দুস বয়াতি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, রোয়াইলবাড়ি-আমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ভূঁইয়া সুরুজ, সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

এ সময় গণমাধ্যমকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। এছাড়াও নেত্রকোনা শহরে নানা কর্মসূচি মধ্যদিয়ে হিমু পাঠক আড্ডা হূমায়ুন আহমেদের জন্মদিন পালিত হয়েছে।

উল্লেখ্য, হুমায়ূন আহমেদের পৈতৃক নিবাস নেত্রকোণার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি-আমতলা ইউনিয়নের কুতুবপুর গ্রামে। মহান মুক্তিযুদ্ধে শহীদ তাঁর পিতা ফয়জুর রহমান আহমেদের স্মৃতি রক্ষায় ১৯৯৬ সালে গ্রামের বাড়িতে নিজ হাতে প্রতিষ্ঠা করেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়ন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।

বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণার মোহনগঞ্জের শেখ বাড়ি তাঁর মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। ২০১২ সালের ১৯ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।

মন্তব্য লিখুন

আরও খবর