কমলগঞ্জে কর্মজীবী নারীকে অপহরণের চেষ্টা, ভুক্তভোগীর বাড়ীতে এমপি

প্রকাশিত: ৪:৫২ পূর্বাহ্ণ , ১০ মার্চ ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বটতলা বাজার এলাকায় কর্মজীবী এক গৃহবধুকে প্রাইভেট কারে তুলে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর বাড়ীতে গিয়ে খোঁজখবর নিয়েছেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব)।

এ ঘটনায় জড়িত আসামিকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। সোমবার (৯ মার্চ) ইফতারের পর সন্ধ্যা ৭টায় তিনি দক্ষিণ বালিগাঁও এলাকার ভুক্তভোগী ফাতেমা পারভেজ নিশির বাড়ীতে যান।

এসময় স্থানীয় নেতাকর্মী, সাংবাদিক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বটতলা বাজারের সিসিটিভি ক্যামেরা-সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন। এ সময় ঘটনাস্থল থেকে তিনি মৌলভীবাজারের পুলিশ সুপারকে (এসপি) ফোন করে অপহরণের চেষ্টার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার নির্দেশ দেন।

পাশাপাশি স্থানীয়দের এ ধরনের অপরাধ প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানান। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমপি হাজি মুজিব বলেন, ভুক্তভোগী মেয়েটি আমার এলাকার, আমার বোনের মতো। আমি পুলিশ সুপারকে বলেছি, দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এ ধরনের অপরাধের বিষয়ে আমরা জিরো টলারেন্স।

উল্লেখ্য, গত রবিবার (৮ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে বটতলা বাজার এলাকায় কর্মস্থলে যাওয়ার জন্য অপেক্ষা করার সময় কয়েকজন দুর্বৃত্ত একটি প্রাইভেট কারে করে এসে ফাতেমা পারভেজ নিশিকে জোরপূর্বক গাড়ীতে তুলে অপহরণের চেষ্টা করেছিল।

পরে এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।