কেন্দুয়ায় বিএনপি নেতার ওপর হামলা, প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ , ২২ জুন ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন উদ্দিন ভূঁইয়ার ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।

আজ রোববার (২২ জুন) বিকেলে সান্দিকোনা ফেরী-রেন্টিতলা সড়কের পাশে সান্দিকোনায় এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, রোকন উদ্দিন ভূঁইয়া বিকেলে নিজ বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে একদল হামলাকারীরা তার ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

হামলার খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সান্দিকোনা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে নেমে প্রতিবাদ মিছিল করেন। তারা এ ঘটনার জন্য আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের দায়ী করে বক্তব্য দেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

বিএনপি নেতারা অভিযোগ করেন, আওয়ামীলীগের দলীয় লোকজন পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে চায়।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে আমরা এলাকায় পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।