রামগড় চা বাগানে ত্রিপুরা ছাত্র-যুব সমাজের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ২:৪১ অপরাহ্ণ , ২১ জুন ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

চট্টগ্রামস্থ ত্রিপুরা ছাত্র ও যুব সমাজের উদ্যোগে খাগড়াছড়ি জেলার রামগড় চা বাগানের ১২৫ ত্রিপুরা পরিবারের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ জুন ২০২৫) বিকেল ৩টায় রামগড় চা বাগানস্থ বাগান টিলা এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রথম থেকে একাদশ শ্রেণি পর্যন্ত মোট ১১৫ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এর মধ্যে প্রথম থেকে দশম শ্রেণির ১১০ জন এবং একাদশ শ্রেণির ৫ জন শিক্ষার্থী ছিলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ত্রিপুরা ছাত্র ও যুব সমাজের প্রতিনিধি সুমেন ত্রিপুরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, রামগড় উপজেলা শাখার সভাপতি হরি সাধন ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ত্রিপুরা কল্যাণ ফোরামের সাবেক সভাপতি সুরেশ বরণ ত্রিপুরা, টিএসএফ বিডি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চুপান্তি ত্রিপুরা, আদিবাসী ফোরাম চট্টগ্রাম জেলার সমন্বয়ক জুনিয়া ত্রিপুরা, টিএসএফ বিডি ফটিকছড়ি উপজেলা সভাপতি নিখিল ত্রিপুরা, রামগড় উপজেলা সভাপতি রিকেন ত্রিপুরা, সাবেক সভাপতি ত্রিদ্বীপ ত্রিপুরা ও হিমেল ত্রিপুরা, আদিবাসী ফোরাম চট্টগ্রাম উত্তর জেলা সদস্য কমল ত্রিপুরা, ফটিকছড়ি উপজেলা আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক নির্মল ত্রিপুরা এবং রামগড় চা বাগান ত্রিপুরা ছাত্র ও যুব কমিটির উপদেষ্টা বীরেন ত্রিপুরা।

আলোচনায় বক্তারা বলেন, ঐতিহাসিকভাবে এই ত্রিপুরা জনগোষ্ঠী রামগড় চা বাগান এলাকায় শতাব্দীকাল ধরে বসবাস করে আসছে। কিন্তু রাষ্ট্রীয় মৌলিক অধিকার থেকে এখনও তারা অনেকাংশে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে তাদের সুযোগ সীমিত। নিজ এলাকায় প্রাথমিক বিদ্যালয় না থাকায় শিশুদের শিক্ষা থেকে ঝরে পড়ার হার বেশি। জীবিকা নির্বাহের জন্য অধিকাংশ পরিবার চা বাগানে দিনমজুর হিসেবে কাজ করে।

বক্তারা আরও বলেন, প্রায় ৮০০ জনের এই জনগোষ্ঠী শিক্ষাক্ষেত্রে এখনো পিছিয়ে। তাই ত্রিপুরা ছাত্র ও যুব সমাজের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে এই জনগোষ্ঠীর শিক্ষার অগ্রগতিতে ভূমিকা রাখতে বদ্ধপরিকর।

অনুষ্ঠানে স্থানীয় অভিভাবক, নারী-পুরুষসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।