ধনাকুশা বাজার মসজিদে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:৫৮ পূর্বাহ্ণ , ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

হাসান মিয়া, নকলা: শেরপুরের নকলা উপজেলার ধনাকুশা বাজার জামে মসজিদে এক ব্যতিক্রমধর্মী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় শিক্ষার প্রসার এবং শিশু-কিশোরদের কোরআনের প্রতি আগ্রহী করে তুলতেই এ আয়োজন বলে জানান আয়োজকরা।

গতকাল বুধবার (১১ জুন) বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন বর্ডারগাঁও পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক (ইংরেজি) শহিদুল ইসলাম। প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের মোট ২১ জন অংশগ্রহণ করেন। তিনটি বিভাগে আয়োজনটি সম্পন্ন হয় ৮-১২ বছর, ১৩-১৭ বছর এবং ১৮ বছর ঊর্ধ্ব ক্যাটাগরি।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা আব্দুল করিম, মাওলানা আবু বকর সিদ্দিক ও মাওলানা জাকির হোসেন। প্রতিটি বিভাগের প্রতিযোগীদের কোরআন তেলাওয়াত, উচ্চারণ, ও তাজবীদের মান যাচাই করে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় ৮-১২ বছর বিভাগে প্রথম হন আব্দুল্লাহ আল মামুন, দ্বিতীয় রাকিব হাসান এবং তৃতীয় মাইনুল ইসলাম।১৩-১৭ বছর বিভাগে প্রথম হন আরমান হোসেন, দ্বিতীয় কামরুল ইসলাম এবং তৃতীয় সাকিব মিয়া।১৮ বছর ঊর্ধ্ব বিভাগে প্রথম স্থান অধিকার করেন হাফেজ মাহমুদুল হাসান, দ্বিতীয় মাওলানা মোস্তাফিজুর রহমান এবং তৃতীয় মুফতি আশরাফ আলী।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মসজিদ কমিটির সভাপতি ও আয়োজক কমিটির আহ্বায়ক মাওলানা আমিরুল ইসলাম। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও মুসল্লিদের সরব উপস্থিতি দেখা যায়।

অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন মুফতি আতিকুর রহমান ও মাওলানা রেজাউল করিম। অনুষ্ঠানটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন আবু হায়াল ইসলাম।

আয়োজকেরা জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হবে। তারা আশা প্রকাশ করেন, এমন আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্ম ধর্মীয় জ্ঞানে অনুপ্রাণিত হবে এবং সমাজে ইসলামী মূল্যবোধ আরও শক্তিশালীভাবে ছড়িয়ে পড়বে।