খাগড়াছড়িতে জনসচেতনতা বৃদ্ধিতে মাস্ক বিতরণ করেছে পার্বত্য জেলা পরিষদ

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ , ১২ জুন ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

দেশে নতুন করে করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে জেলা শহরের বিভিন্ন দোকান ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

এ সময় পার্বত্য জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সুমন, শেফালিকা ত্রিপুরা ও ধনেশ্বর ত্রিপুরা, খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (গাইনী রোগ বিশেষজ্ঞ) ডা. জয়া চাকমা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা, যুব রেডক্রিসেন্ট ইউনিটের প্রধান আল-আমিন সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মাস্ক বিতরণ কার্যক্রম চলাকালীন সাংবাদিকদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা বলেন, “করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে আবারও সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার বিষয়ে আমরা সবাইকে সচেতন করছি।”

পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম জেলার অন্যান্য এলাকাতেও ধারাবাহিকভাবে চলমান থাকবে।