জাফলংয়ে বড় পীর (র.) একাডেমির নতুন একাডেমিক ভবন উদ্বোধন

প্রকাশিত: 3:41 pm , 29 November 2026, Sunday , পোষ্ট করা হয়েছে 13 hours আগে
ছবি- কালের বিবর্তন।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের ছৈলাখেল গ্রামে অবস্থিত বড় পীর (র.) একাডেমির নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকালে একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে ও বিশেষ দোয়ার মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহপরান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড।

জাফলংয়ের মতো প্রান্তিক ও সম্ভাবনাময় অঞ্চলে মানসম্মত শিক্ষা বিস্তারে বড় পীর (র.) একাডেমির এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। নতুন একাডেমিক ভবন নির্মাণের ফলে এলাকার শিক্ষার্থীরা এখন আরও সুন্দর ও মনোরম পরিবেশে পাঠ গ্রহণের সুযোগ পাবে।

সুশিক্ষায় শিক্ষিত হয়ে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ছৈলাখেল অষ্টম খণ্ড কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি হাজি মো. হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির পরিচালক মো. শাহজালাল মিয়া। একাডেমির প্রধান শিক্ষক আল মুমিন হোসাইন ও যুবদল নেতা নাজিম উদ্দিন অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বকস, সাধারণ সম্পাদক মাসুদুল আলম রানা, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খান, জাফলং স্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি মহরম মেম্বার এবং গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন প্রমুখ।

বক্তারা প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং এলাকার শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ এবং প্রতিষ্ঠানের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, ২০১৬ সালে যাত্রা শুরু করে বড় পীর (র.) একাডেমি। শুরুতে একটি সেমিপাকা ঘরে শিক্ষা কার্যক্রম পরিচালিত হলেও বর্তমানে এটি তিনতলা ভবনে উন্নীত হয়েছে।

আগামী ২০২৭ শিক্ষাবর্ষে ষষ্ঠ-সপ্তম ও অষ্টম শ্রেণিতে পাঠদান শুরুর পাশাপাশি পর্যায়ক্রমে প্রতিষ্ঠানটিকে এসএসসি পর্যায়ে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর