• দেশজুড়ে প্রধান সংবাদ
  • জাবিতে ১৬ তম প্রজাপতি মেলা অনুষ্ঠিত, প্রকৃতি রক্ষায় গাছ কাটা বন্ধের আহ্বান উপাচার্যের

জাবিতে ১৬ তম প্রজাপতি মেলা অনুষ্ঠিত, প্রকৃতি রক্ষায় গাছ কাটা বন্ধের আহ্বান উপাচার্যের

প্রকাশিত: 6:34 am , 28 November 2026, Saturday , পোষ্ট করা হয়েছে 2 hours আগে
ছবি- কালের বিবর্তন।

‘উন্নয়নের নামে গাছপালা কাটা বন্ধ করতে হবে এবং প্রাণ-প্রকৃতি সুরক্ষায় ব্যক্তিগত পর্যায় থেকে পরিবর্তন আনতে হবে’—এমন আহ্বান জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

শুক্রবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত প্রজাপতি মেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তন প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপাচার্য। এ সময় তিনি বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমার দায়িত্বে থাকা অবস্থায় আর কোনো অপরিকল্পিত গাছ কর্তন করতে দেওয়া হবে না।

প্রকৃতি সংরক্ষণ আমাদের জীবনের সুরক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।’

উপাচার্য আরও বলেন, ‘আমরা ক্যাম্পাসে এমন একটি প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রজাপতিকে কৃত্রিম নেটের মধ্যে নয়, বরং ফুল ও গাছের সান্নিধ্যে মুক্তভাবে দেখা যাবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা।

এ ছাড়া উপস্থিত ছিলেন মেলার আহ্বায়ক অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার, প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মানছুরুল হক, আইইউসিএনের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বিপাশা হোসাইন, বন অধিদপ্তরের কর্মকর্তারা, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক এবং তথ্য কমিশনের প্রধান অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানসহ অনেকে।

মেলায় প্রকৃতি সংরক্ষণে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের বিশিষ্ট পানিসম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাতকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। বন্য প্রাণী গবেষণায় অবদানের জন্য পুরস্কৃত হন নাবিলা জামান জ্যোতি।

এ ছাড়া আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন অরুণাভো ব্রুনো, দ্বিতীয় হন মাসুক আহমেদ এবং তৃতীয় হন ইকবাল এইচ বাবু।

বন্য প্রাণী সংরক্ষণে গণমাধ্যমের অবদানের স্বীকৃতিস্বরূপ ‘মিডিয়া অ্যাওয়ার্ড’ দেওয়া হয় তিনটি ক্যাটাগরিতে। ব্রডকাস্ট ক্যাটাগরিতে পুরস্কার পান এনটিভির আকিব সুলতান অর্ণব।

দিনব্যাপী আয়োজনে ছিল বর্ণাঢ্য র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পাপেট শোসহ নানা আয়োজন।

প্রজাপতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা তৈরি এবং প্রকৃতির প্রতি মানুষের দায়িত্ববোধ বাড়াতে প্রতিবছরের মতো এবারও এ মেলার আয়োজন করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর