শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৪

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ , ২৮ অক্টোবর ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 11 hours আগে
ছবি- কালের বিবর্তন।

শেরপুরে বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে জুয়েল (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কের জোড়া পাম্প হাওড়া খানবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল শেরপুরের নকলা উপজেলার বারোমাইশা গ্রামের হাবুল মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থেকে নকলাগামী একটি সিএনজি হাওড়া খানবাড়ি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে শেরপুরগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সড়কের পাশে একটি ড্রামট্রাক দাঁড়িয়ে ছিল।

সংঘর্ষে সিএনজির যাত্রী জুয়েল ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও চার যাত্রী। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান।

তাঁদের মধ্যে দুজনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য লিখুন

আরও খবর