জেনাসের ঈদ সামগ্রী বিতরণ

সহমর্মিতা ও মানবিকতার শিক্ষায় ঈদের প্রকৃত তাৎপর্য – সালাহ্ উদ্দিন

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ , ১৯ মার্চ ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

নাটোরের লালপুরে সামাজিক সংগঠন জেনাসের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) লালপুর উপজেলার মহারাজপুর নতুনপাড়া মসজিদ মাঠে সামাজিক সংগঠন জেনাসের উদ্যোগে এলাকার দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এতে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করার এক হৃদয়গ্রাহী পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে জেনাসের চেয়ারম্যান মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেনাসের অন্যতম পৃষ্ঠপোষক ডাঃ মো: হাসান আলী, ছায়া প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. সিমানুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থাটির শিক্ষা সম্পাদক হাফেজ মো: সোয়াইফ আহমেদ (ইউসুফ)।

প্রধান অতিথি সালাহ্ উদ্দিন বলেন, পবিত্র ঈদুল ফিতর শুধু আনন্দ ও উৎসবের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করে। তিনি বলেন, সমাজের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের আনন্দ পূর্ণতা পায়।

সামর্থ্যবানদের উচিত নিজেদের অবস্থান থেকে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং এ ধরনের উদ্যোগকে আরও বিস্তৃত করা। জেনাসের মতো সংগঠনের এমন মহৎ উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক বলেও তিনি মন্তব্য করেন।

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, পবিত্র ঈদুল ফিতর কেবল আনন্দ উদযাপনের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি মানবিক মূল্যবোধ, সহমর্মিতা এবং সামাজিক দায়বদ্ধতার এক অনন্য শিক্ষা বহন করে।

আয়োজক সংগঠন জেনাসের নেতৃবৃন্দ জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরও তারা এ উদ্যোগ গ্রহণ করেছেন এবং ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।