পেরাছড়া উচ্চ বিদ্যালয়ে অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শনে জেলা প্রশাসক

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ , ১৭ মার্চ ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 months আগে
ছবি- কালের বিবর্তন।

খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের ধর্মপুর এলাকায় অবস্থিত পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের একটি পুরাতন টিনশেড ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শনিবার (১৪ মার্চ) রাত আনুমানিক ১২টার দিকে বিদ্যালয়ের পুরাতন ভবনে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ভবনটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. জাকের হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে বিষয়টি বিস্তারিত তদন্ত করা হবে।

এ ঘটনায় বিদ্যালয়ের প্রায় ৩০ থেকে ৪০ জোড়া বেঞ্চসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী পুড়ে গেছে বলে জানা গেছে।

ঘটনার পর সোমবার (১৬ মার্চ) সকালে খাগড়াছড়ি জেলার জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ভবন ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায় এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়।

এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা উপস্থিত ছিলেন। তিনি বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন এবং প্রয়োজনীয় প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দেন।

এদিকে ঘটনার পরদিন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানও ঘটনাস্থল পরিদর্শন করেন।