দীঘিনালায় যৌথ খামার গ্রামে পানি, স্যানিটেশন ও আয়বর্ধক কার্যক্রম পরিদর্শনে ইউএনও

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ , ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 8 minutes আগে
ছবি- কালের বিবর্তন।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার যৌথ খামার গ্রামে সুপেয় পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও আয়বর্ধকমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।

মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার ২ নম্বর বোয়ালখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর যৌথ খামার গ্রামে সরেজমিনে এসব কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগের অগ্রগতি ও সুফলভোগীদের অভিজ্ঞতা সম্পর্কে খোঁজখবর নেন ইউএনও।

হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহায়তায় বাস্তবায়িত ‘Access to and Utilisation of Life Saving Services by Marginalised Communities in Chittagong Hill Tracts in Bangladesh Project’-এর আওতায় এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রকল্পের আওতায় এফআইভিডিবি (FIVDB) সৌরবিদ্যুৎচালিত গভীর নলকূপের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ এবং জাবারাং কল্যাণ সমিতি স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ ও আয়বর্ধকমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।

পরিদর্শনকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার, এফআইভিডিবির প্রতিনিধি প্রকৌশলী অনিরুদ্ধ এবং জাবারাং কল্যাণ সমিতির উপজেলা সমন্বয়ক ডেভিড ত্রিপুরাসহ প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রকল্পের সুফলভোগী নারী-পুরুষ ও স্থানীয় বাসিন্দারা তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা জানান, সৌরবিদ্যুৎচালিত গভীর নলকূপের মাধ্যমে সুপেয় পানি পাওয়া, স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের সুযোগ এবং আয়বর্ধকমূলক কার্যক্রম তাঁদের দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনছে। এসব উদ্যোগের জন্য তাঁরা সংশ্লিষ্ট সংস্থা ও বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা জানান।

পরিদর্শনকালে গ্রামবাসীরা এলাকার বিভিন্ন সমস্যা ও অসুবিধার বিষয়ও ইউএনও এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধির কাছে তুলে ধরেন।

তাঁদের বক্তব্য শুনে পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন ইউএনও। পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সমস্যাগুলো জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাৎক্ষণিক বার্তা পাঠান তিনি।

এ সময় ইউএনও মেহেদী হাসান কাউছার বলেন, দুর্গম পাহাড়ি এলাকার জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও আয়বর্ধকমূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ ধরনের সমন্বিত উদ্যোগ দুর্গম পাহাড়ি এলাকার মানুষের নিরাপদ পানির প্রাপ্যতা, স্বাস্থ্যসম্মত পরিবেশ ও বিকল্প আয়ের সুযোগ সম্প্রসারণে সহায়ক হবে।

মন্তব্য লিখুন

আরও খবর