পানছড়ির দুর্গম কাতালমনি পাড়ায় ত্রিপুরা শ্রমিক ফোরামের শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ , ২২ মার্চ ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- কালের বিবর্তন।

“ঐক্য, সংস্কৃতি, দক্ষতা, প্রগতি” এই মূলনীতিকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার ৪নং লতিবান ইউনিয়নের দুর্গম কাতালমনি পাড়ায় অসহায় ও গরিব মেহনতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (২১ মার্চ ২০২৬) সকাল ১০টায় ত্রিপুরা শ্রমিক ফোরাম, কুমিল্লার আয়োজনে “মেধা বিকাশে আমরা আপনাদের পাশে” প্রতিপাদ্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পানছড়ি ডিগ্রি কলেজের শিক্ষার্থী বাম্পারাজ ত্রিপুরার সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি অনিল বিকাশ ত্রিপুরা। স্বাগত বক্তব্য দেন সহ-সাংগঠনিক সম্পাদক নিপন জ্যোতি ত্রিপুরা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ত্রিপুরা কল্যাণ ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা সুরেশ বরণ ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইমন ত্রিপুরা, ২৪৭নং যুগলছড়ি মৌজার হেডম্যান ধনঞ্জয় ত্রিপুরা, ৯নং ওয়ার্ডের সদস্য জলমেল ত্রিপুরা, উন্নয়নকর্মী সঞ্জয় ত্রিপুরা, চট্টগ্রাম মহানগর ত্রিপুরা কল্যাণ ফোরামের উপদেষ্টা নিত্যময় ত্রিপুরা, সহকারী শিক্ষক দিপায়ন ত্রিপুরা এবং সংগঠনের সহ-সভাপতি রনজিৎ ত্রিপুরা।

বক্তারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ বাড়াতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী ও নারী-পুরুষ উপস্থিত ছিলেন।