বছর শেষে শীতের রাতে অসহায়দের জন্য উষ্ণতা নিয়ে হাজির রূপসী শেরপুর

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ , ১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- কালের বিবর্তন।

মোঃ আবু হানিফ, শেরপুর: শীতের তীব্রতা বাড়তে থাকায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক উদ্যোগে বছরের শেষদিন উদযাপন করেছে শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী শেরপুর’। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) রাত ৯টায় শেরপুর শহরের পোস্ট অফিস মোড় থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে ঘুরে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

এই মানবিক উদ্যোগের উদ্বোধন করেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও কলামিস্ট কাকন রেজা ও সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ ও দপ্তর সম্পাদক নাইম ইসলাম। অতিথিরা এই উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক উদ্যোগ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠনের ভূয়সী প্রশংসা করেন।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রুবেল মৃধা, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বাবু, সহ-সভাপতি সুজন মোল্লা ও জাহিদুল ইসলাম জাদিদ, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান, সদস্য লিমন সরকার, মো. আতিক, মো. ডা. সোহাগ মিয়া, লিফাত, আব্দুল আলিম, হুমায়ুন কবিরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সংগঠনের সভাপতি রুবেল মৃধা বলেন, “প্রতি বছরের মতো এবারও আমরা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে শীতবস্ত্র বিতরণ শুরু করেছি। অসহায় মানুষের কষ্ট লাঘব করাই আমাদের মূল উদ্দেশ্য।”

সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন বাবু বলেন, “রূপসী শেরপুর শুধু একটি সংগঠন নয়-এটি মানবিক চেতনার প্রতীক। আমরা শহরের বিভিন্ন প্রান্তে থাকা প্রকৃত শীতার্ত মানুষদের কাছে পৌঁছাতে কাজ করছি। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শীত মৌসুমজুড়ে তাদের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।