পিলখানার বিডিআর বিদ্রোহের ঘটনায়

১৭ বছরের কারাজীবন শেষে বাড়ি ফিরলেন কমলগঞ্জের প্রবীর সিংহ

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ , ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জ : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার বালিগাঁও গ্রামের প্রবীর সিংহ পিলখানা বিডিআর বিদ্রোহের ঘটনায় দীর্ঘ ১৭ বছর কারাজীবন শেষে বাড়ী ফিরেছেন। প্রবীর ফিরে আসায় তার পরিবারের সদস্য ও গ্রামের মানুষদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

জানা যায়, ১৭ বছরের দীর্ঘ কারাজীবন শেষে অবশেষে বাবার কোলে ফিরলেন বিডিআর সদস্য প্রবীর সিংহ। ২৫ নভেম্বর, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জ কারাগার থেকে মুক্তি পান তিনি। পরদিন ২৬ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের উত্তর বালিগাঁও গ্রামের নিজ বাড়ীতে পৌঁছান।

লক্ষীন্দ্র সিংহ (ডাকনাম ‘ভাগ্য’)–এর একমাত্র ছেলে প্রবীর সিংহের ফিরে আসা যেন দীর্ঘ প্রতীক্ষা ও বেদনার এক অধ্যায়ের সমাপ্তি।

বাড়ীর উঠানে পা রাখতেই বাবাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন প্রবীর সিংহ। পাশে থাকা স্বজন ও প্রতিবেশীরাও আবেগ থামাতে পারেননি। মুহূর্তেই পরিবেশ ভারী হয়ে ওঠে কান্না, স্মৃতি আর ফিরে– পাওয়ার আনন্দে।

আরো জানা যায়, চাকরির পাঁচ বছর পূর্ণ হওয়ার সময় প্রবীর সিংহ তখন খাগড়াছড়ির রামগড় এলাকায় কর্মরত ছিলেন। ২০০৯ সালের ২১ ফের্রুয়ারি ও ২৬ মার্চের স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণের জন্য তাকে ঢাকায় আনা হয়। ঠিক ওই সময়ই ঘটে পিলখানার মর্মান্তিক বিডিআর বিদ্রোহ।

সেই ঘটনার পরই তাকে গ্রেপ্তার করা হয় এবং শুরু হয় তার কারাজীবন। মুক্তির পর গ্রামে প্রবেশ করতেই শত শত মানুষ ছুটে আসেন প্রবীর সিংহকে দেখতে। কেউ তাঁর হাত ধরে কাঁদছেন, কেউ নীরবে তাকিয়ে রয়েছেন হারানো সময়ের প্রতিচ্ছবি হয়ে। পুরো গ্রাম ভরে ওঠে আবেগ ও কান্নায়।

কিন্তু মানুষের ভিড়ের মাঝেও প্রবীর সিংহ এর চোখে লুকানো থাকে অপূরণীয় বেদনার ছায়া।নপ্রবীর সিংহের বাবা লক্ষীন্দ্র সিংহ আবেগঘন কণ্ঠে বলেন,১৭ বছর পর আমার ছেলে ঘরে ফিরেছে। এই দিনের জন্য কত অপেক্ষা করেছি তা কাউকে বোঝাতে পারব না।

ভগবানের কৃপায় অন্তত জীবিত অবস্থায় তাকে পেলাম। স্বজন ও গ্রামবাসীর চোখে–মুখে আজ শুধু একটাই অনুভূতি দীর্ঘ কারাজীবন শেষে ঘরে ফেরা প্রবীর সিংহকে নিয়ে নতুন করে স্বপ্ন বাঁচার প্রতীক্ষা। তিনি বলেন,এখন আমাদের একটাই চাওয়া আর কোনো পরিবার যেন এমন অন্যায়ের শিকার না হয়।

এদিকে বিডিআর সদস্য প্রবীর সিংহ সরকারের কাছে অনুরোধ জানিয়ে বলেন,যাঁরা এখনো কারাগারে নিরপরাধ অবস্থায় আছেন, যাঁদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে,তাঁদের যেন দ্রæত মুক্তি দেওয়া হয়। তাঁদের জীবন যেন আমার মতো তিলে তিলে নষ্ট না হয়।