সাপাহারে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ৭:৩৬ পূর্বাহ্ণ , ৫ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- কালের বিবর্তন।

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নওগাঁর সাপাহার উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. রফিকুল ইসলাম চৌধুরী বেনুর নেতৃত্বে জয়পুর রাজ্যধর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে বিশাল র‌্যালিটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো. রফিকুল ইসলাম চৌধুরী বেনু।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি এবং নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. খালেদ হাসান (পাহিন) চৌধুরী, পোরশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লায়ন মাসুদ রানা, সাপাহার উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আক্কাছ আলী, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন রিফাত, সদস্য সচিব হাসান আলী, সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি ওয়ালিউর ইসলাম (নাইম), সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবলুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. জিল্লুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম মাস্টার, সহ-সভাপতি তরিকুল ইসলাম চেয়ারম্যানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বিএনপি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের জনগণের অধিকার আদায়ে দলটির ত্যাগ ও সংগ্রামের ইতিহাস গৌরবোজ্জ্বল।

আলোচনা সভা শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।