পাইকগাছায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ , ১৯ জুলাই ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- কালের বিবর্তন

খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোঃ মকছেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি রাড়ুলী গ্রামের মৃত মেনু গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার(১৯ জুলাই) বেলা ১২ টার দিকে মকছেদ আলী সাইকেলযোগে নিজ গন্তব্য মৎস্য ঘেরে যাচ্ছিলেন। পথিমধ্যে পূর্ব রাড়ুলী নামক স্থান (সাবেক চেয়ারম্যান মজিদ গোলদারের বাড়ি) সংলগ্ন মেইন রোডে একটি ইটবোঝাই ট্রলির সামনে হঠাৎ সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান।

এ সময় ট্রলির সামনের চাকায় ধাক্কা লেগে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ট্রলির পিছনের চাকা তার দুই পায়ের উঁচু অংশের উপর দিয়ে চলে যায়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

ঘটনার সময় উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার পরপরই ট্রলির চালক ইকবল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহত মকছেদ আলীকে দ্রুত উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াদ মাহমুদ জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।