সরাইল বাজারে মৌসুমি ফল!দাম কিছুটা চড়া

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ , ১৭ জুন ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): মধু মাস জ্যৈষ্ঠের শুরুতে সরাইল উপজেলার ছোটবড় বাজার ছেয়ে গেছে রসালো ফলে। আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, গাব, তালশাঁসসহ নানান ফলের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। অন্যদিকে মৌসুম শেষ হলেও বেল ও তরমুজও পাওয়া যাচ্ছে।

সরাইল বাজার, কালিকচ্ছ , শাহবাজপুর, বিশ্বরোড়,অরুয়াইলসহ বিভিন্ন বাজারে মৌসুমি ফলের বেচাকেনা চলছে হরদমে।সরাইল স্থায়ী বাজার ছাড়াও ভ্যানগাড়ি ও ভ্রাম্যমাণ দোকানে পসরা সাজিয়ে বিক্রি করা হচ্ছে রসালো ফল। রসালো ফলের ম-ম গন্ধে মুখর পাইকারি ও খুচরা বাজারগুলো। সর্বত্র মৌসুমি ফল পাওয়া গেলেও দাম কিছুটা চড়া।

বিশেষ করে আম ও লিচুর দাম বেশি।এতে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের মানুষ পরিমাণে কম করে আম ও লিচু কিনছেন। সরাইল উপজেলা বাজারগুলো ঘুরে দেখা গেছে, ক্রেতাদের সমাগমে ব্যস্ত সময় কাটছে ফল বিক্রেতাদের। কেউ বসে আছেন লিচু নিয়ে, কারও সামনে কাঁঠালের স্তূপ, কেউবা আম-আনারসের পসরা সাজিয়ে বসেছেন। বিক্রেতারা জানান, বাজারে উঠতে শুরু করেছে মৌসুমি ফল।আগামী এক থেকে দেড় মাস বাজারে এসব ফলের ব্যাপক চাহিদা থাকবে।

বেচাকেনাও হবে জমজমাট। উচালিয়া পাড়া মোড়ে লিচু বিক্রেতা মুইদর বাদশা বলেন, বর্তমানে বাজারে যে লিচু আসছে সেগুলো আকারে কিছুটা ছোট। বিজয়নগর ও রাজশাহী থেকে লিচু কিনে এনেছেন বিক্রেতারা। বাজারে পাওয়া যাচ্ছে রাজশাহীর বোম্বে লিচু। তিনি আরও বলেন, এখন ১০০ লিচু ৪০০ থেকে ৪৫০ টাকা ও রাজশাহীর ১০০ বোম্বে লিচু ৪৫০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এখন রাজশাহীর আম বেশি আসছে। এসব আম আগামী ১০-১৫ দিন বাজারে থাকবে জানিয়ে সরাইল বাজারের বিক্রেতা হোসেন বলেন, এরপর অন্যান্য জাতের আম এলে এগুলোর চাহিদা ও জোগান কমতে থাকবে। বর্তমানে প্রতি কেজি গুটি আম ৮০ টাকা, গোবিন্দভোগ ১০০ টাকা, নাক ফজলি ৯০ টাকা,গোপালভোগ ১০০ টাকা ও হিমসাগর বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়।

শুধু আম, লিচুই নয়, বাজারে উঠেছে কালোজাম, কাঁঠালসহ বাহারি সব ফল। তাল ৩০ টাকা ও আনারস ৩০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে কাঁঠাল এখনো তেমন না উঠলেও মান ও আকারভেদে বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। প্রতি পিস বিক্রি হচ্ছে ১২০-৩৫০ টাকা পর্যন্ত। তালের শাঁস বিক্রি হচ্ছে প্রতি পিস ১০ টাকা। তিন পিসের তাল বিক্রি হচ্ছে ৩০ টাকায়।

এ ছাড়া দেশি ফলের মধ্যে প্রতি কেজি ডেউয়া ২০০,জাম ১৫০-৩০০ টাকা এবং ড্রাগন ফল ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিশ্বরোড় খুচরা ফল বিক্রেতা বলেন, এ সময়টাতে সব ফল একসঙ্গে বাজারে আসে। তবে মৌসুমের শুরুতে হওয়ায় কিছু কিছু ফলের দাম একটু বেশি। তবে ফল ভালো বিক্রি হচ্ছে বলে জানান।