• দেশজুড়ে প্রধান সংবাদ
  • খাগড়াছড়িতে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও শিশু সুরক্ষা বিষয়ক আন্তঃ প্রজন্ম সংলাপ অনুষ্ঠিত

খাগড়াছড়িতে যৌন ও প্রজনন স্বাস্থ্য ও শিশু সুরক্ষা বিষয়ক আন্তঃ প্রজন্ম সংলাপ অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ , ২১ জুন ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং শিশু সুরক্ষা বিষয়ক আন্তঃ প্রজন্ম সংলাপ অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়িতে।

শনিবার (২১ জুন ২০২৫) দুপুরে জেলা শহরের মিলনপুরস্থ হিলটপ গেস্ট হাউসে ওয়াই-মুভস প্রকল্পের আওতায় জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় ও আন্তর্জাতিক দাতা সংস্থা সিডা’র অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক শেফালিকা ত্রিপুরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিটিএফের (ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স) সাবেক সভাপতি জবা ত্রিপুরা এবং সঞ্চালনা করেন জাবারাং কল্যাণ সমিতির কর্মসূচি সমন্বয়ক বিনোদন ত্রিপুরা।

 

আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুস্মিতা খীসা, বাংলাদেশ শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ঊষানু চৌধুরী, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা এবং চেলাছড়া পাড়ার মহিলা কার্বারী শ্রাবণী ত্রিপুরা।

এসময় প্রকল্প সংশ্লিষ্ট এনসিটিএফ সদস্য, অভিভাবক ও স্থানীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ব্যক্তিরা শিশু কিশোরীদের প্রতি সচেতনতা ও নিরাপদ বেড়ে ওঠা নিশ্চিত করতে যৌন ও প্রজনন স্বাস্থ্য, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা, কুসংস্কার, এবং বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, শিশু ও কিশোর-কিশোরীরা যেন নিজস্ব অধিকার সম্পর্কে সচেতন হয়, আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের সিদ্ধান্ত নিতে পারে এবং নিরাপদ পরিবেশে বেড়ে ওঠে—এ লক্ষ্যে সকল পক্ষকে একযোগে কাজ করতে হবে। তারা এই ধরনের সংলাপকে সময়োপযোগী এবং কার্যকর পদক্ষেপ হিসেবেও উল্লেখ করেন।

এর আগে সকালে একই ভেন্যুতে পেরাছড়া এনসিটিএফের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ঊষানু চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, জাবারাংয়ের কর্মসূচি সমন্বয়ক বিনোদন ত্রিপুরা।

পেরাছড়া এনসিটিএফের সভাপতি প্রত্যয়ন ত্রিপুরার সভাপতিত্বে এবং সাবেক সভাপতি জবা ত্রিপুরার সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের কার্যক্রম উপস্থাপনসহ ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন করা হয়।