খাগড়াছড়িতে বইপাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

প্রকাশিত: ১২:৪৬ অপরাহ্ণ , ২২ জুন ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

মহান স্বাধীনতা দিবস ২৬ মার্চ, বাংলা নববর্ষ ১৪৩২ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী-২০২৫ উপলক্ষে আয়োজিত রচনা, বইপাঠ ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

রবিবার (২২ জুন ২০২৫) দুপুরে খাগড়াছড়ি জেলা সরকারি গণগ্রন্থাগারের সাধারণ পাঠকক্ষে জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। তিনি তার বক্তব্যে বলেন, “শুধু মোবাইল ফোনে আসক্ত না হয়ে শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি প্রতিটি পরিবারে নারী শিক্ষার প্রসারে গুরুত্ব দিতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সরকারি গণগ্রন্থাগার বিষয়ক আহ্বায়ক শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আবদুল্লাহ মোঃ ওয়ালী উল্লাহ্ এবং খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবুল কালাম আজাদ।

স্বাগত বক্তব্য প্রদান ও অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান ও সহকারী পরিচালক ওয়েন চাকমা।

আলোচনা সভা শেষে রচনা, বইপাঠ ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, গ্রন্থাগার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।