খাগড়াছড়িতে প্রয়াস একাডেমির সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ , ২০ জুন ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

প্রয়াস একাডেমি কোচিং সেন্টার, খাগড়াছড়ির আয়োজনে বিশ্ববিদ্যালয় ও গুচ্ছভুক্ত বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ জুন ২০২৫) সকালে খাগড়াছড়ি জেলা শহরের মিলনপুরস্থ বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টারের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালার কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরা। বক্তব্যে তিনি বলেন, একজন শিক্ষার্থীর সাফল্যের পেছনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। প্রয়াস একাডেমির শিক্ষার্থীরা এই যৌথ প্রয়াসের মাধ্যমে দেশসেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করে প্রমাণ করেছে তাদের সক্ষমতা।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা। তিনি বলেন, বড় স্বপ্ন না দেখলে বড় কিছু অর্জন করা যায় না। পাহাড়ের কোল থেকে উঠে আমিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পেরেছি, তাহলে তোমরাও পারবে। আত্মবিশ্বাস, পরিশ্রম এবং লক্ষ্য ঠিক থাকলে অসম্ভব কিছু নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিয়াই হারুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপালু চাকমা, প্রয়াস একাডেমির সহকারী পরিচালক স্নেহময় ত্রিপুরা এবং ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের খাগড়াছড়ি সদর শাখার সভাপতি আকাশ ত্রিপুরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াস একাডেমির পরিচালক উত্তম কুমার ত্রিপুরা। তিনি জানান, ২০১৯ সালে মাত্র ১৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা এই কোচিং সেন্টার থেকে সেই বছরই ১১ জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পায়।

বর্তমানে একাডেমির শিক্ষার্থী সংখ্যা প্রায় ৪৫০। চলতি বছর এখন পর্যন্ত ১৭ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার নিশ্চয়তা পেয়েছে এবং অপেক্ষমাণ তালিকাসহ এ সংখ্যা ২৫ ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল ও সম্মাননা স্মারক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। পরে প্রয়াস একাডেমিতে অধ্যয়নরত ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অতিথিবৃন্দ।