খাগড়াছড়িতে শিশু সুরক্ষা ও অধিকার বাস্তবায়নে জবাবদিহিতা অধিবেশন অনুষ্ঠিত

প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ , ১৮ জুন ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

খাগড়াছড়ি জেলার সদর উপজেলার পেরাছড়া এনসিটিএফ-এর আয়োজনে “শিশু সুরক্ষা ও অধিকার বাস্তবায়ন” বিষয়ক এক জবাবদিহিতা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জুন ২০২৫) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের হলরুমে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘সিডা’-এর অর্থায়নে, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর কারিগরি সহায়তায় ওয়াই-মুভস প্রকল্পের আওতায় এবং জাবারাং কল্যাণ সমিতির বাস্তবায়নে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। তিনি ওয়াই-মুভস প্রকল্প এবং জাবারাং-এর কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্তভাবে তুলে ধরেন।

পেরাছড়া এনসিটিএফ-এর সভাপতি মোহনা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুষ্মিতা খীসা, খাগড়াছড়ি সদর থানার সাব-ইন্সপেক্টর মো. ইসমাইল, পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বীসার খীসা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনূস এবং সাংবাদিক কানন আচার্য্য।

আলোচনা পর্বে এনসিটিএফের সদস্যরা শিশুদের বিভিন্ন সমস্যা ও দাবি উপস্থাপন করেন। উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে—শিশু পার্ক স্থাপন, বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ, স্কুল বাস চালু, মৌলিক চাহিদা পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণ, স্কুল ও কলেজপড়ুয়া নারী-শিশুদের ইভটিজিং থেকে রক্ষায় ব্যবস্থা গ্রহণ, মায়ুং কপাল এলাকায় নিরাপদ পানির সংকট নিরসন, পেরাছড়া ইউনিয়নের দুটি হাই স্কুলে নিরাপদ পানি ও মানসম্মত টয়লেটের ব্যবস্থা এবং প্রতিটি স্কুলে নারী-শিশুদের জন্য নিয়মিত আয়রন ট্যাবলেট বিতরণ।

অতিথিরা শিশুদের এসব যৌক্তিক দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন এবং গুরুত্বপূর্ণ বিষয়ের বাস্তবায়নে প্রশাসনিক ও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এ ধরনের আয়োজন শিশু অধিকার রক্ষায় জবাবদিহিতা প্রতিষ্ঠা ও নীতিনির্ধারকদের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে সমস্যা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।