শেরপুরে চুরি করতে এসে ছুরিকাঘাতে গৃহকর্ত্রীকে খুন

প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ , ৩০ জুন ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

শেরপুরে প্রতিবেশীর বাড়িতে চুরি করতে এসে ছুরিকাঘাতে মোছা. নারগিস বেগম (৫৫) নামের এক গৃহকর্ত্রীকে খুনের ঘটনা ঘটেছে। গত শুক্রবার (২৮ জুন) রাতে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরে চিকিৎসাধীন অবস্থায় ২৯ জুন শনিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নারগিস।

নিহত নারগিস বেগম সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের মৃত নওশের আলীর স্ত্রী ছিলেন।

আর অভিযুক্ত ঘাতক প্রতিবেশী মো. আলীমুল ওরফে আলীম (২৮) একই গ্রামের সামিদুল হকের ছেলে।

রবিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক।

নিহতের পরিবার ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গত ২৭ জুন নারগিস বেগম শেরপুরের একটি ব্যাংক থেকে নগদ আড়াই লক্ষ টাকা উত্তোলন করে। ব্যাংক থেকে টাকা উত্তোলনের বিষয়টি প্রতিবেশী মো. আলীমুল ওরফে আলীম জানতে পেরে তা চুরি করার পরিকল্পনা করে।

লোভের বশবর্তী হয়ে আলীম শুক্রবার গভীর রাতে নারগিস বেগমের বসতঘরের দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে। এসময় শব্দ শুনে টের পায় নারগিস। তারপরই জেগে উঠেন এবং প্রতিবেশী আলীমকে চিনে ফেলেন।

পরে ঘরে প্রবেশ করার প্রতিবাদ করলে ঘাতক আলীম তার সাথে থাকা দাড়ালো ছুরি দিয়ে নারগিস বেগমের পেটে ও গলায় গুরুতর আঘাত করে পালিয়ে যায়। নারগিসের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে।

পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় শনিবার রাতে নারগিস বেগম মারা যান।

সদর থানার ওসি জানান, নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।