নির্বাচনী দায়িত্ব পালনে দুর্গম হাওর-সীমান্তে টহল দিচ্ছে বিজিবি

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ , ৫ জানুয়ারি ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি - কালের বিবর্তন

সীমান্তের অতন্দ্রপ্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যরা এবার সীমান্তের পাশাপাশি সুনামগঞ্জের হাওরের দুর্গম এলাকায়ও নির্বাচনী দায়িত্ব পালন করছেন। গত শুক্রবার থেকে সারাদেশের ন্যায় সুনামগঞ্জেও টহলে নেমেছে বিজিবি।

সকাল থেকে রাত পর্যন্ত সুনামগঞ্জের ৪টি নির্বাচনী এলাকায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা দিতে হাওর-সীমান্তের দুর্গম এলাকায় টহল দিতে দেখা গেছে বিজিবি সদস্যদের। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত তারা মাঠে থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা গেছে, গত শুক্রবার থেকে জেলার ৪টি নির্বাচনী এলাকায় ১৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি প্লাটুনে ২০ জন করে প্রায় ৩০০ সদস্য রয়েছেন। নির্বাচনকে সামনে রেখে নাশকতা রোধের পাশাপাশি শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই মাঠে নামানো হয়েছে বিজিবিকে। জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের লক্ষ্যে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করাই তাদের কাজ বলে জানান সংশ্লিষ্টরা।

তবে হাওরের যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম এলাকায় বিজিবি এক সপ্তাহ আগে থেকে নেমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ভোটাররা। এই টহল নাশকতা সৃষ্টিকারীদের আতঙ্ক হয়ে দেখা দিয়েছে বলে জানিয়েছেন তারা।

শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু বলেন, আমরা জেলার সবচেয়ে দুর্গম এলাকার বাসিন্দা। এখানে যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে ভোটের সময় আতঙ্কে থাকি আমরা। তবে এবার এক সপ্তাহ আগ থেকেই বিজিবি দুর্গম এলাকায় টহলে নেমেছে। এতে আমরা স্বস্তিতে আছি। তাছাড়া অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করছে।