উপজেলা প্রশাসনের উদ্যোগে

জয়পুরহাটে ২৭ টাকা কেজিতে আলু বিক্রি

প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ , ৪ অক্টোবর ২০২৩, বুধবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

জয়পুরহাটের কালাই পৌরশহরের শিমুলতলী আর.বি স্পেশালাইজড কোল্ড স্টোরেজে উপস্থিত থেকে থেকে ২৭ টাকা দরে তিন ব্যবসায়ীর মোট ৫৫ হাজার ৬৬০ কেজি আলু বিক্রি করেছে উপজেলা প্রশাসন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌরশহরের আরবি হিমাগার তদারকি শেষে এসব আলু স্থানীয় ব্যবসায়ীদের কাছে সরকার নির্ধারিত দামে বিক্রি করা হয়।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর বিকেলে বেশী দামে আলু বিক্রির অভিযোগে আরবি হিমাগারের তিন ব্যবসায়ীর ১৫ হাজার টাকা জড়িমানা আদায় করেছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ অভিযানে নেতৃত্ব দেন কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, পুলিশ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন। আলুর বাজারকে স্থিতিশীল রাখতে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি অধিদপ্তর এ ধরনের কার্যক্রম জনস্বার্থে অব্যাহত রাখবে বলে জানানো হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানা গেছে, আলুর দাম লাগামহীনভাবে বাড়তে থাকায় গত ১৪ সেপ্টেম্বর সরকার আলুর দাম খুচরা পর্যায়ে কেজিপ্রতি ৩৫ থেকে ৩৬ টাকা এবং হিমাগার পর্যায়ে ২৬ থেকে ২৭ টাকা বেঁধে দেয়। তবে ব্যবসায়ীরা এই দর না মেনে হিমাগার পর্যায়ে ৪০-৪২ টাকা এবং খুচরা বাজারে ৫০-৫৫ টাকায় বিক্রি করতে থাকেন। এর পরিপ্রেক্ষিতে (৪ অক্টোবর) বুধবার বিকেলে কালাই উপজেলার আরবি হিমাগারে পরিদর্শনে আসেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস।

কালাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, সরকারের বেঁধে দেওয়া দামে খুচরা ও হিমাগার পর্যায়ে আলু বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসন বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। জেলা প্রশাসকের নির্দেশে হিমাগার তদারকি করা হচ্ছে। হিমাগারে বসেই সরকারের বেঁধে দেওয়া দামে বিভিন্ন বাজার ও আড়তে আলু বিক্রি করা হচ্ছে।

এর অংশ হিসেবে আজ বিকেল সাড়ে ৫টায় পৌরশহরের আর.বি হিমাগার থেকে ৫৫ হাজার ৬৬০ কেজি (৮৬৪ বস্তা) আলু হিমাগার গেটে স্থানীয় ৬ ব্যবসায়ীর নিকট ২৭ টাকা কেজি দরে বিক্রি করা হয়। যার মূল্য ১৫ লাখ ২ হাজার ৮২০ টাকা।