আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে জাবিকে এগিয়ে নিতে প্রযুক্তিনির্ভর আধুনিকায়নের ঘোষণা

প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ , ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 days আগে
ছবি- কালের বিবর্তন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে আরও এগিয়ে নিতে অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিনির্ভর আধুনিকায়নের রূপরেখা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘Readiness of Jahangirnagar University to Times Higher Education and QS Ranking’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে নতুন উচ্চতায় নিয়ে যেতে অন্তর্ভুক্তিমূলক ও প্রযুক্তিনির্ভর আধুনিকায়নের রূপকল্প গ্রহণ করা হবে। প্রশাসনিক ও শিক্ষাবিষয়ক কার্যক্রম ডিজিটালাইজেশনের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের সেবা আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, প্রশাসনিক দীর্ঘসূত্রতা নিরসন করে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে দক্ষ ও যোগ্য জনবলকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করা বর্তমান প্রশাসনের অন্যতম লক্ষ্য।
বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক যোগাযোগ সক্ষমতা বৃদ্ধির বিষয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাষা কেন্দ্রকে পূর্ণাঙ্গ ইনস্টিটিউটে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ এবং গুণগত ফলাফল নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থের সংস্থান করা হবে।

শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে উচ্চতর মর্যাদায় প্রতিষ্ঠিত করতে প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি এ লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. সোহেল রানা। উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম উপস্থিত ছিলেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক ড. এম. শামীম কায়সার। তিনি বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন ও আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে অবস্থান সুদৃঢ় করতে সংশ্লিষ্ট তথ্য ও কার্যক্রম নিয়মিত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, বিভিন্ন বিভাগের সঙ্গে সরকারি দপ্তরের যৌথ কার্যক্রম, শিক্ষার্থীদের নারী-পুরুষ অনুপাত, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সচিত্র প্রতিবেদন এবং বিশ্ববিদ্যালয়ের ব্যতিক্রমী ও অনন্য আয়োজনের সচিত্র সংবাদ ওয়েবসাইটে নিয়মিত প্রকাশ করা প্রয়োজন। পাশাপাশি বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের দ্বিপাক্ষিক শিক্ষা সহযোগিতার তথ্যও ওয়েবসাইটে তুলে ধরার ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুন অর রশীদ তাঁর উপস্থাপনায় বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণা সহযোগিতা এবং সমঝোতা স্মারকসংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও বিভিন্ন প্রচারমাধ্যমে প্রকাশের প্রয়োজনীয়তার কথা জানান।

এ ছাড়া বিদেশি ভাষায় দক্ষতা অর্জন ও প্রয়োজনীয় প্রস্তুতি, বিভাগগুলোর বিস্তারিত কোর্স ক্যাটালগ এবং বিশ্ববিদ্যালয়ের অংশীজনদের নির্মিত প্রামাণ্যচিত্র প্রকাশের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শামীম আল মামুন। এতে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগের সভাপতি, ইনস্টিটিউটের পরিচালক, শিক্ষক ও উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।

মন্তব্য লিখুন