টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি

প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ , ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 day আগে
ছবি- কালের বিবর্তন।

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এক অভিনন্দন বার্তায় উপাচার্য এ শুভেচ্ছা জানান। অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ‘টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের বিষয়। এই অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম আরও বৃদ্ধি পেয়েছে।’

তিনি আশা প্রকাশ করেন, আগামীতে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রশাসন শিক্ষা ও গবেষণার সম্প্রসারণ এবং মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

উপাচার্য বলেন, শিক্ষা ও গবেষণার মান বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে গবেষণাখাতে এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশের ক্ষেত্রে আর্থিক প্রণোদনা বৃদ্ধি করা হয়েছে। গবেষণার মানোন্নয়নে এ ধরনের প্রণোদনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

র‍্যাঙ্কিংয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৮০১–১০০০ ব্যান্ডে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

একই ব্যান্ডে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। বর্ণানুক্রমিকভাবে প্রকাশিত তালিকায় প্রতিষ্ঠানগুলো যৌথভাবে শীর্ষে রয়েছে।

টাইমস হায়ার এডুকেশন বিশ্ববিদ্যালয়গুলোর র‍্যাঙ্কিং নির্ধারণে ‘টিচিং’, ‘রিসার্চ এনভায়রনমেন্ট’, ‘রিসার্চ কোয়ালিটি’, ‘ইন্ডাস্ট্রি’ এবং ‘ইন্টারন্যাশনাল আউটলুক’ এই পাঁচটি প্রধান সূচক বিবেচনা করে।

এর আগে ২০২৪ ও ২০২৫ সালেও টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

মন্তব্য লিখুন