কমলগঞ্জে মণিপুরি মৈতৈ সম্প্রদায়ের “লাই হারাওবা” উৎসব শুরু

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ , ৮ এপ্রিল ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর তেতইগাঁও গ্রামে মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গনে মনিপুরি মৈতৈ সম্প্রদায়ের ‘লাই হরাওবা’ অনুষ্ঠান শুরু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে বারোটায় ‘লাই হরাওবা’ অনুষ্টানে অংশগ্রহণকারী কলাকৈশলী ও ভক্তরা পথপরিক্রমা করা মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।

কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গনে বাঁশি , ঢাক-ঢোল ও করতালের সুরে তাদের নিজস্ব ভাষায় সঙ্গীত পরিবেশন ও মন্ত্র পাঠ করা হয়। সন্ধ্যায় নারী-পুরুষ,কিশোর-কিশোরীদের বাদ্য যন্ত্রের তালে তালে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। এই অনুষ্ঠান আগামী শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে সমাপ্ত হবে।

তিন দিনব্যাপী (৮-১০ এপ্রিল) প্রাচীন ও ঐতিহ্যবাহী আচারিক উৎসব ‘লাই হরাউবা’ উৎসবকে কেন্দ্র করে আদমপুরে মৈতৈ সম্প্রদায়ের মধ্যে আনন্দ মুখর পরিবেশ বিরাজ করছে। এবারের উৎসবে দেশের প্রতিথযশা শিল্পী, গবেষক অংশগ্রহণের পাশাপাশি ভারতের মণিপুর থেকে একদল শিল্পী কলাকুশলী, গবেষক অংশগ্রহণ করবেন।

লাই হারাওবা স্টিয়ারিং কমিটি, বাংলাদেশ এর সদস্য সচিব ওইমান লানথই এবং স্টিয়ারিং কমিটি আহব্বায়ক ইবুংহাল সিনহা (শ্যামল) বলেন, লাই হারাওবা হলো মণিপুরি জনগোষ্ঠীর অন্যতম প্রাচীন ও তাৎপর্যপূর্ণ উৎসব। এর আক্ষরিক অর্থ হলো ‘দেবতাদের আনন্দ উৎসব’।

এটি সৃষ্টি, দিব্য সত্তা, বিশ্বতত্ত্ব এবং সম্প্রীতির এক গভীর উদযাপন, যা প্রকাশিত হয় জটিল ও অনন্য ধারাবাহিক আচার-অনুষ্ঠান, ঐতিহ্যবাহী সঙ্গীত, মন্ত্র পাঠ (লাইপৌ) এবং মাইবী জাগোই-এর মতো স্বতন্ত্র নৃত্যশৈলীর মাধ্যমে। এটি মূলত, সনামহী ধর্মের ঐতিহ্যগত দেবতাদেরকে উৎসাহিত করার জন্য উদযাপন করা হয়।

লাই হারাওবা স্টিয়ারিং কমিটি, বাংলাদেশ এর সদস্য রবি কিরণ সিনহা (রাজেশ) জানান, ইউনেস্কো বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় জাদুঘরের অর্থায়নে আয়োজিত এই উৎসবটিতে উদযাপিত হচ্ছে।

আয়োজক কমিটি জানায়, উৎসবটি চিরাচরিত রীতি ও প্রথাগত ভাবে অনুষ্ঠিত হচ্ছে। এই উৎসব মণিপুরি সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিচয়ের প্রাণকেন্দ্র, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে হস্তান্তরিত হয়ে। উৎসবটি “বাংলাদেশের আটটি প্রশাসনিক বিভাগে সম্প্রদায়-ভিত্তিক ঐতিহ্যবাহী উৎসব বাস্তবায়ন” এর আওতায় আয়োজিত হচ্ছে।