নবীনগরে বিএনপি প্রার্থীর নির্বাচনী জনসভা

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ , ৯ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- কালের বিবর্তন।

জামাল হোসেন পান্না নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির প্রার্থী এডভোকেট আব্দুল মান্নানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

বিকেল তিনটার পর থেকেই নবীনগরের ২১টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। জনসভায় সভাপতিত্ব করেন নবীনগর সরকারি কলেজের সাবেক ভিপি ওবায়দুল হক লিটন।

সভায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা তকদির হোসেন জসিম, সাইদুল হক সাইদ, সালাহ উদ্দিন ভূঁইয়া শিশির, আবুল হাসনাত রাজীব ভূঁইয়া, অধ্যাপক লায়লা ইসলাম, প্রধান নির্বাচনী এজেন্ট মাসুদুর রহমান মাসুদ, সাবেক পৌর প্রশাসক মো. মলয় মিয়া, ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, নবীনগর (পূর্ব) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. কে. হেলাল উদ্দিন, নবীনগর (পশ্চিম) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আজ্জমসহ আরও অনেকে।

জনসভায় প্রধান বক্তা এডভোকেট আব্দুল মান্নান বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির বহু নেতা-কর্মী নির্যাতনের শিকার হয়েছেন।

তিনি নির্বাচিত হলে নবীনগরকে মাদকমুক্ত করা, অবৈধ বালুমহাল উচ্ছেদ, গ্রামভিত্তিক যোগাযোগ সড়ক নির্মাণ, বেকারদের জন্য বিনা মূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা, নবীনগর–কড়িকান্দি ফেরিঘাট সড়ক প্রশস্তকরণ এবং নবীনগরের বড় বাজারকে খাজনামুক্ত করার প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, নবীনগরে হয়রানিমূলক মামলা হতে দেওয়া হবে না এবং হিন্দু-মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করবে।এসব লক্ষ্য বাস্তবায়নে তিনি ধানের শীষ প্রতীকে ভোট চান।

বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে নির্ধারিত হবে আগামী পাঁচ বছর নবীনগরের নেতৃত্ব কার হাতে যাবে।