কমলগঞ্জে ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ , ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- কালের বিবর্তন।

আব্দুর রাজ্জাক রাজা,কমলগঞ্জঃ পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মনিপুরী সম্প্রদায়ের শতাব্দীপ্রাচীন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব ‘নিমাই সন্ন্যাস’ গতকাল বুধবার (১৪ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ বছর এই ঐতিহ্যবাহী আয়োজনের ১১৬তম বর্ষ পূর্ণ হয়েছে।

উপজেলার উত্তর বালিগাঁও মনিপুরীপাড়ায় সকাল থেকেই মনিপুরী সম্প্রদায়ের নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষের পদচারণায় পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

দিনব্যাপী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আগত দর্শনার্থীরাও অংশ নেন।

উৎসব উপলক্ষে শ্রীকৃষ্ণ ও শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলাভিত্তিক মনিপুরী নৃত্য, সংগীত এবং ধর্মীয় আচার-অনুষ্ঠান পরিবেশিত হয়। পাশাপাশি উৎসবস্থলকে ঘিরে বসে ঐতিহ্যবাহী গ্রামীণ মেলা, যেখানে নানা লোকজ পণ্য ও খাবারের সমাহার দর্শনার্থীদের আকর্ষণ করে।

উত্তর বালিগাঁও যুব কল্যাণ পরিষদের সভাপতি মৃণাল সিংহ বলেন,“শত বছরেরও বেশি সময় আগে আমাদের পূর্বপুরুষদের হাত ধরে পৌষ সংক্রান্তির দিনে নিমাই সন্ন্যাস, রাখাল নৃত্য, নৌকাবিলাস ও বেলি রাসসহ বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের সূচনা হয়। সেই ঐতিহ্য আমরা আজও নিষ্ঠার সঙ্গে লালন করে আসছি।

এ বছরও ১১৬তম ‘নিমাই সন্ন্যাস’ উৎসব আয়োজন করা হয়েছে।” মনিপুরী ললিতকলা একাডেমির উপপরিচালক প্রভাস সিংহ বলেন, এ ধরনের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক আয়োজন এই অঞ্চলের নানা ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষের মধ্যে সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আয়োজকরা জানান, এবারের উৎসবে স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতিতে উত্তর বালিগাঁও মনিপুরীপাড়া এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।