• দেশজুড়ে প্রধান সংবাদ
  • নরসিংদীতে ভূমিকম্পে মাটি চাপা পড়ে বৃদ্ধ ও দেয়াল ধসে শিশু সহ দুই জন নিহত, দেড় শতাধিক আহত

নরসিংদীতে ভূমিকম্পে মাটি চাপা পড়ে বৃদ্ধ ও দেয়াল ধসে শিশু সহ দুই জন নিহত, দেড় শতাধিক আহত

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ , ২১ নভেম্বর ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 7 months আগে
ছবি- কালের বিবর্তন।

আল-আমিন মিয়া, নরসিংদী: নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্পে মাটির ঘরের দেয়াল চাপায় কাজম আলী(৭৫) নামে বৃদ্ধ মারা গেছে বলে জানা যায়। নিহত কাজম আলী নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের চাচাতো ভাই আউয়াল মিয়া।

অন্য দিকে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলি গ্রামে ভবনের দেয়াল ধসে হাফেজ ওমর ফারুক নামে (৮) বছর বয়সী এক শিশু মারা গেছে। এ ঘটনায় নিহত ওই শিশুর বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বলের অবস্থাও সংকটাপন্ন বলেও সিভিল সার্জেন্ট অফিস সূত্রে জানা গেছে। এ নিয়ে সিভিল সার্জেন্ট অফিস থেকে জেলা ও উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

এছাড়া জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের তথ্যমতে জেলা ও উপজেলায় কমপক্ষে দেড় শতাধিক মানুষ আহত হয়ে প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছে বলে জানা যায়। আহতদের মধ্যে তিন জনের অবস্থা সংকটাপন্ন। তবে আহতদের তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায় নি।

তাছাড়া ভূমিকম্পে নরসিংদীতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলার প্রায় সব উপজেলায় ক্ষয়ক্ষতি হয়েছে। নরসিংদী শহরের অনেক ভবন ফেটে ও হেলে পড়েছে। পলাশ ,শিবপুর, রায়পুরা,মনোহরদী,বেলাবো ও মাধবদীতেও বহু ভবনে হয় ফাটল দেখা দিয়েছে।

তাদের মধ্যে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুন বাজার গ্রামের ইসহাক মিয়ার বাড়ি ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রেও।

পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভয়াবহ ভূমিকম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে জাতীয় গ্রিডের সাবস্টেশনের যন্ত্রণাংশ আগুনে পুড়ে গিয়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: আব্দুল শহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় অল্প সময়ের মধ্যে এ আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো: এনামুল হক জানান, ভূমিকম্পে এ আগুনের ঘটনা ঘটে৷ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে বলেও জানান তিনি। ।

উল্লেখ্য-রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৮ মিনিটে অনুভূত এ ভূকম্পনের উৎপত্তি নরদিংসদীর মাধবদীতে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী সদর থেকে ১৪ কিলোমিটার পশ্চিম দক্ষিণ-পশ্চিমে। গভীরতা ছিল ১০ কিলোমিটার।