ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন

প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ , ২১ সেপ্টেম্বর ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ব্রাহ্মণবাড়িয়ায় কৃষি ব্যাংকের ব্যবসা উন্নয়ন সমাবেশ।

ব্রাহ্মণবাড়িয়ায় ঋণ আদায়-বিতরণ, আমানত ও রেমিট্যান্স সংগ্রহে শাখা ব্যবস্থাপক, মাঠকর্মী ও সকল পর্যায়ের কর্মীদের নিয়ে ব্যবসা উন্নয়ন সম্মেলন করেছে কৃষি ব্যাংক।

গত শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের ডা. ফরিদুল হুদা রোডের আর এ খান টাওয়ারের পার্টি সেন্টারে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য আঞ্চলিক কার্যালয় এই সম্মেলন আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়ের উপব্যবস্থাপনা পরিচালক -১ মো. আ. রহিম। কৃষি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য আঞ্চলিক কার্যালয়ের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (উপমহাব্যবস্থাপক) মোহাম্মদ ইউসুফ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি ব্যাংক প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক (ঋণ আদায় মহাবিভাগ) মো. মামুনুর রশীদ, কুমিল্লার বিভাগীয় মহাব্যবস্থাপক মো. ফাতেহ্ খান, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা প্রবীর কুমার দাস প্রমুখ।

সম্মেলনে মোহাম্মদ ইউসুফ খান ব্রাহ্মণবাড়িয়ার ২৮ টি শাখার সার্বিক চিত্র উপস্থাপন করেন। উপব্যবস্থাপনা পরিচালক -১ (ডিএমডি- ১) মো. আ. রহিম অংশগ্রহণকারীদের গল্পে গল্পে ব্যাংকিং শেখান। এই অর্থবছরে বিকেবিকে কিভাবে লাভজনক ব্যাংকে পরিনত করা যায় তার রোডম্যাপ উপস্থাপন করেন। লাভজনক বিকেবি বিনির্মানে সবাই একযোগে কাজ করার অঙ্গীকার করেন। সঞ্চয়ী আমানত বৃদ্ধি ও NPl ঋণ আদায়ে সকলকে উদ্বুদ্ধ করেন।

সম্মেলনে ২০২৫-২৬ অর্থ বছরের ঋণ আদায়, ঋণ বিতরণ, আমানত ও রেমিট্যান্স সংগ্রহে শাখা ব্যবস্থাপক, মাঠকর্মী ও সকল পর্যায়ের কর্মীদের নিয়ে ব্যাবসা উন্নয়ন বিষয়ে দিনভর নানা আলোচনা হয়।