ব্রাহ্মণবাড়িয়া সদরের ২৫ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম ও খেলাধুলার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ , ২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে সামগ্রী বিতরণ।

শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বেশ কয়েকটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (তারিখ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া।

যেসব বিদ্যালয়ে এসব সামগ্রী বিতরণ করা হয় সেগুলো হলো : মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর উচ্চ বিদ্যালয়, মজলিশপুর ইউনিয়নের বাকাইল উচ্চ বিদ্যালয়, মজলিশপুর ইউনিয়নের মৈন্দ উচ্চ বিদ্যালয়, সুহিলপুর ইউনিয়নের জিল্লুর রহমান উচ্চ বিদ্যালয়, সুহিলপুর ইউনিয়নের গৌতমপাড়া ঘাটুরা বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, বুধল ইউনিয়নের বুধল উচ্চ বিদ্যালয়,তালশহর পূর্ব ইউনিয়নের তেলিনগর উচ্চ বিদ্যালয়, অষ্টগ্রাম হাই স্কুল এন্ড কলেজ।

খেলার সামগ্রী হাতে তুলে দিচ্ছেন ইউএনও। ছবি: কালের বিবর্তন।

এছাড়া নাটাই দক্ষিণ ইউনিয়নের শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজ, নাটাই দক্ষিণ ইউনিয়নের পয়াগ নরসিংসার এ বারী উচ্চ বিদ্যালয়, সাদেকপুর ইউনিয়নের চিলোকূট উচ্চ বিদ্যালয়, সাদেকপুর ইউনিয়নের সাদেকপুর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ, রামরাইল ইউনিয়নের রামরাইল ডি. এন. দত্ত উচ্চ বিদ্যালয়, রামরাইল ইউনিয়নের সুহাতা বালিকা উচ্চ বিদ্যালয়, মাছিহাতা ইউনিয়নের চান্দপুর তমিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, সুলতানপুর ইউনিয়নের হাবলাউচ্চ আদর্শ উচ্চ বিদ্যালয়।

ইউএনও তার বক্তব্যে বলেন, এডিপি প্রকল্পের আওতাধীণ “প্রযুক্তি নির্ভর শিক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বেশ কয়েকটি এমপিও ভুক্ত বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যাবস্থা গ্রহণ করেছি। মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে শিক্ষার্থীরা বইয়ের বাইরে চিত্র, অডিও ও ভিডিওর সাহায্যে সহজে বিষয়বস্তু বুঝতে পারবে। অন্যদিকে যেখানে তারুণ্যের হাত ধরে নতুন বাংলাদেশ পেয়েছি। সেখানে তাদের দিক বিবেচনা করে মাদকমুক্ত ব্রাহ্মণবাড়িয়া ও যুব সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বুধল উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, “এ ধরনের উদ্যোগ শিক্ষকদের জন্যও বড় সহায়তা। মাল্টিমিডিয়া ব্যবহার করে জটিল বিষয়গুলো সহজভাবে উপস্থাপন করা যায়। অন্যদিকে খেলাধুলার সামগ্রী বিতরণ শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করবে। এতে তারা সুস্থ-সবলভাবে বেড়ে উঠবে।”

এক শিক্ষার্থী আব্দুল্লাহ আনন্দ প্রকাশ করে বলেন, “আগে শুধু বই দেখে পড়াশোনা করতে হতো, এখন ছবি ও ভিডিও দেখে শিখতে পারছি। এতে পড়াশোনা আরও মজার হয়ে উঠবে।”

অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসারসহ স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে মাল্টিমিডিয়া ক্লাসরুমের সরঞ্জাম এবং খেলাধুলার সামগ্রী তুলে দেন অতিথিরা।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো: ইমরান ভূইয়া, উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম, উপজেলা প্রকৌশলী মো: জুলফিকার হক চৌধুরী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মোসলেহ উদ্দিন আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান রাশেদসহ ইউনিয়ন পরিষদ সমূহের চেয়ারম্যান ও প্রশাসকগণ উপস্থিত ছিলেন।