নালিতাবাড়ীতে যুবককে নৃশংসভাবে হত্যা

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ , ২৫ আগস্ট ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
প্রতিকী ছবি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গেরাপঁচা গ্রামে এক যুবককে তারই পরিচিত সহযোগীর হাতে নৃশংসভাবে হত্যা করার ঘটনা ঘটেছে। গতকাল রোববার (২৪ আগস্ট) রাত নয়টার দিকে উপজেলার গেরাপঁচা গ্রামে তুলা মিয়া (৩৮) নামের যুবকটি নিহত হন। তিনি পাশের ছালুয়াতলা ফকিরপাড়া গ্রামের নুরুল আমীনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, নিহত তুলা মিয়া ও হত্যাকারী নাজমুল হক (৩৫) একসাথে চলাফেরা করতেন এবং তারা চুরির সঙ্গে যুক্ত ছিল। হত্যাকাণ্ডের দিন রাতে নাজমুল তুলা মিয়াকে তার বাড়িতে ডেকে নিয়ে যান। খাওয়া-দাওয়ার পর নাজমুল দা দিয়ে তুলা মিয়াকে কোপাতে থাকেন। পালানোর চেষ্টা করার সময় ধানক্ষেতের পাড়ে পা পিছলে পড়ে, এরপর নাজমুল তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেন।

স্থানীয়রা আহত যুবককে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ হত্যাকারী নাজমুলকে গ্রেফতার করতে রাতভর অভিযান চালিয়েছে। সোমবার ভোররাতে নাজমুলের সঙ্গে থাকা এক নারীকে পাশের সেহড়াতলী গ্রাম থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তবে নাজমুল পালিয়ে গেছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, প্রাথমিক তদন্তে হত্যার প্রকৃত কারণ স্পষ্ট না হলেও অর্থনৈতিক দ্বন্দ্বের সম্ভাবনা রয়েছে।