ত্রিশালে নূর মোহাম্মদ হত্যাকারীর বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ , ৩০ জুন ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 11 months আগে
ছবি- সময়ের আবর্তন

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় নূর মোহাম্মদ (২২) নামের এক যুবকের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। সোমবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের ছোটপুল মোড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে প্রায় আধাঘণ্টা ধরে যান চলাচল বন্ধ থাকায় আশপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা ‘নূর মোহাম্মদের হত্যাকারীদের ফাঁসি চাই’, ‘খুনিদের গ্রেপ্তার করো’, ‘প্রশাসন জবাব দাও’, ‘মাদক-সন্ত্রাস নিপাত যাক’—এমন নানা স্লোগানে সড়ক প্রকম্পিত করে তোলে। মানববন্ধনে বিভিন্ন বয়সী নারী-পুরুষসহ সহস্রাধিক এলাকাবাসী অংশ নেন।

বক্তারা অভিযোগ করেন, “নূর মোহাম্মদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও জড়িতদের সবাই এখনো গ্রেপ্তার হয়নি। প্রশাসনের নির্লিপ্ততায় এলাকাবাসী ক্ষুব্ধ ও শঙ্কিত।”

এলাকাবাসী জানান, গত ২৫ জুন (বুধবার) মাগরিবের নামাজের পর পশ্চিম বালিপাড়া গ্রামের কাওসার (১৮) ও সাদেক (৩৫) নামে দু’জন ব্যক্তি নূর মোহাম্মদকে বাসা থেকে ডেকে নেয়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরদিন সকালে একই এলাকার আয়ুব আলী মেম্বারের ডোবার পানিতে তার মরদেহ মুখ ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। পরে খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহতের পরিবারের সদস্য ও গ্রামবাসী। তারা এই হত্যার পেছনে পরিকল্পিত মাদক ও সন্ত্রাসী চক্রের হাত রয়েছে বলে দাবি করেন।

মানববন্ধন কা‌লে বিচা‌রের দা‌বি‌তে স্থানীয় ও স্বজন‌দের ম‌ধ্যে বক্তব‌্য রা‌খেন, খলিলুর রহমান, মাহাদী হাসান, সিরাজ মুন্সী, কাঞ্চন সরকার, এড‌ভো‌কেট আরিফ মাহমুদ, আ‌বু তোরাব বাবলু, রু‌বেল মিয়া, ‌সিরাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সোহাগ মিয়া সহ আরো অ‌নে‌কে।

এ বিষয়ে ত্রিশাল থানার উপ-পরিদর্শক নাহিদ পারভেজ বলেন, “নূর মোহাম্মদ হত্যাকান্ডের এজাহারভুক্ত তিনজন আসামির মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে। অন্য একজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”