খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে সনাক-এসিজির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ , ২৪ জুন ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 12 months আগে
ছবি- কালের বিবর্তন

সচেতন নাগরিক কমিটি (সনাক), খাগড়াছড়ির সহযোগিতায় অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি-স্বাস্থ্য) এর আয়োজনে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন ২০২৫) সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক, সদস্য ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জহুরুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডাঃ জয়া চাকমা।

সভায় স্বাগত বক্তব্য ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন সনাক-টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আবদুর রহমান।

এতে আরও উপস্থিত ছিলেন সিনিয়র কনসালটেন্ট ডাঃ পূর্ণ জীবন চাকমা, ডাঃ নয়ন ময় ত্রিপুরা, হাসপাতালের আরএমও ডাঃ রিপল বাপ্পী চাকমা, ডাঃ সুপর্ণা খীসা, ডাঃ রাজর্ষী চাকমা, ডাঃ জয়া ত্রিপুরা, সনাকের সহ-সভাপতি অংসুই মারমা, এসিজির সমন্বয়ক সাংবাদিক তাসলিমা আক্তার বিথী, সহ-সমন্বয়ক সাংবাদিক দহেন বিকাশ ত্রিপুরা, সদস্য মিনেচিং মারমা ও সাংবাদিক অজয় সেন ত্রিপুরা, হাসপাতালের বিভিন্ন চিকিৎসক ও সিনিয়র স্টাফ নার্সরা।

সভায় পূর্ববর্তী আলোচ্যসূচির অগ্রগতি মূল্যায়নের পাশাপাশি হাসপাতালের বর্তমান সমস্যাবলি তুলে ধরা হয়।

বক্তারা বলেন, আধুনিক যন্ত্রপাতির অভাব, পর্যাপ্ত লোকবল সংকট, ২৫০ শয্যার নতুন ভবনের নির্মাণকাজ অসম্পূর্ণ থাকা, এবং জেলার উপজেলা পর্যায়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ঘাটতি এসব সমস্যা প্রতিনিয়ত সেবা গ্রহণে ব্যাঘাত ঘটাচ্ছে।

এসময় তারা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।