শেরপুরে ‘নব আনন্দে জাগো’র ঈদ উপহার: অসহায়দের মুখে হাসি

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ , ৩০ মার্চ ২০২৫, রবিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

হাসান মিয়া,নকলাঃ শেরপুরের নকলায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘নব আনন্দে জাগো’-এর উদ্যোগে প্রায় শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) সকাল ১০টায় নকলা উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়নের পাঁচ কাহুনিয়া ঢালিবাড়ি পুকুর পাড় এলাকায় এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল, মুরগি, আলু, পেঁয়াজ, রসুন, আদা, মুরগির মসলা, চিনি, সেমাই, নুডলস, সাবান ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে কুপনের (স্লিপ) মাধ্যমে এই উপহার দেওয়া হয়।

এই উপহার পেয়ে আনন্দে চোখ ভিজে ওঠে বৃদ্ধা রহিমা খাতুনের। তিনি কাঁপা কণ্ঠে বলেন, “ঈদ মানেই আগে দুশ্চিন্তা ছিল, কী খাবো, কেমন করে কাটবে দিন! কিন্তু আজ মনে হচ্ছে, আমরাও ভালো কিছু খাবো, আমরাও ঈদ করবো। আল্লাহ এই ছেলেমেয়েদের ভালো রাখুক।”

সংগঠনের একজন স্বেচ্ছাসেবী সদস্য বলেন, “আমরা চাই, সমাজের সুবিধাবঞ্চিত মানুষরাও ঈদের আনন্দ উপভোগ করুক। আমাদের ছোট্ট প্রয়াস যদি কারও মুখে হাসি ফোটায়, তাহলে সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। এই মানবিক কাজ আমরা ভবিষ্যতেও চালিয়ে যাব।”

স্থানীয়রা এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ‘নব আনন্দে জাগো’ সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সদস্য মোঃ পরাগ, আরিফ, রুবেল, আলামিন, জুয়েল, মাজহারুল, শাহিন, রাজিব, ইমন, শাওন, রাকিব, সুমনসহ আরও অনেকে।

এই আয়োজন প্রমাণ করে, সচেতনতা, সহমর্মিতা ও ভালোবাসা দিয়েই সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।