নালিতাবাড়ীতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ , ২ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

পুলক রায়,নালিতাবাড়ীঃ শেরপুরের নালিতাবাড়ীতে ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে উদযাপন করা হয়েছে। উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এ আয়োজন করা হয়।

বুধবার (১জানুয়ারি) দুপুরে নালিতাবাড়ী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরের নেতৃত্বে ও আবু সুফিয়ান সানি,শহর ছাত্রদল নেতা কামরুল সহ ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতিতে একটি বিশাল মিছিল আড়াই আনী বাজারের অফিস থেকে যাত্রা শুরু করে নালিতাবাড়ীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আড়াই আনী বাজারে এসে শেষ হয়।

মিছিল শেষে বক্তব্যে হুমায়ুন কবির বলেন, “বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের শাসনে আমরা এভাবে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে পারিনি।

আজকের এ আয়োজন নালিতাবাড়ী-নকলা আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আবু সুফিয়ান মো. ফয়জুর রহমান ভাইয়ের দিকনির্দেশনায় অনুষ্ঠিত হয়েছে। আমরা তার নেতৃত্বে রাজপথে থাকার অঙ্গীকার করছি।”

অন্যান্য নেতাকর্মীরাও বক্তব্যে ছাত্রদলের ঐক্য ও সংগঠনের শক্তি পুনরুদ্ধারের জন্য একযোগে কাজ করার প্রতিশ্রুতি দেন।
নেতারা জানান, এই প্রতিষ্ঠাবার্ষিকীর মাধ্যমে ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল করা হবে এবং আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এই উদযাপনকে কেন্দ্র করে নালিতাবাড়ীতে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা জানান, এই অনুষ্ঠান তাদের সংগঠনের শক্তি পুনর্গঠনে সহায়ক হবে।