নওগাঁয় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ , ১৮ ডিসেম্বর ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- কালের বিবর্তন

‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার’ এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে নওগাঁয় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় সার্কিট হাউজ থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল আউয়াল। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্ব বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ওহিদুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, নওগাঁ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. সামানুর ইমাম, সচেতন সোসাইটি এফএসটিআইপি এ্যাক্টিভিটি এর নওগাঁর প্রোগ্রাম অফিসার আসলাম হোসেনসহ অন্যান্যরা।

সভায় বক্তারা বলেন, প্রবাসীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে সকলকে একযোগে কাজ করতে হবে। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপনের মাধ্যমে জনসচেতনতা তৈরি করতে হবে।

প্রবাসীরা প্রবাসে যাওয়ার সময় যেন ক্ষতির মুখে না পড়েন সেদিকে সকলেই সজাগ থাকতে হবে। দালাল চক্রের হাত থেকে প্রবাসীদের রক্ষা করতে সকলকে সোচ্চার হতে হবে। পাশাপাশি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে বিদেশ যাওয়ার আহবান জানান।

এ সময় বিভিন্ন এনজিও, সরকারি-বেসরকারি সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারী ও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তরে প্রবাস মেলার আয়োজন করা হয়।